কুমিল্লায় দুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

বিডি নিউজ ৬৪: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ধনাইতরিতে দুজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। রাস্তা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন ধনাইতরি গ্রামের আমির হোসেনের ছেলে গিয়াস উদ্দিন (৩৫) ও মৃত আলেক হোসেনের ছেলে জামাল উদ্দিন (৫২)। তাঁরা পরস্পরের চাচাতো ভাই। দুই সপ্তাহ আগে তাঁরা বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ধনাইতরি গ্রামের ফরিদ উদ্দিন ও তাঁর ভাই সৌদি আরবপ্রবাসী তোফায়েল আহমেদ তোতার বাড়ির ওপর দিয়ে হাঁটাচলার রাস্তা নিয়ে তাঁদের সঙ্গে গিয়াস, জামালসহ স্থানীয় লোকজনের বিরোধ চলে আসছে। এ নিয়ে একবার গ্রাম্য সালিস হয়। মামলা-মোকদ্দমাও হয়েছে। এর জের ধরে এক মাস আগে পিটিয়ে আহত করা হয় ফরিদ উদ্দিনকে। এ নিয়ে ফরিদ উদ্দিন মামলাও করেন। খবর পেয়ে রাগের মাথায় ফরিদের ভাই সৌদি আরবপ্রবাসী তোফায়েল আহমেদ তোতা দেশে আসেন। গতকাল সাড়ে ৮টার দিকে ধনাইতরি গ্রামের জামতলায় ভাই ভাই স্টোর নামের একটি দোকানে বসে ছিলেন গিয়াস উদ্দিন ও জামাল উদ্দিন। তাঁদের পেয়ে তোতা ও তাঁদের পক্ষের লোকজন পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে গিয়াস উদ্দিন এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান জামাল উদ্দিন।

এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা কুমিল্লা সদর দক্ষিণ থানার এসআই খাদেমুল বাহার জানান, নিহত দুজনের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। তাঁদের হকিস্টিক দিয়ে পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে হত্য করা হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালানো হচ্ছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি নজরুল ইসলাম জানান, রাস্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছে। এ নিয়ে  শুক্রবার রাতে কথা কাটাকাটির জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *