সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু নিহত

বিডি নিউজ ৬৪: সুন্দরবনের অভ্যন্তরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আনারুল ছানা (৪৫) নামে এক বনদস্যু নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধে পুলিশের ৩ কনস্টেবল আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৪টায় খুলনার কয়রা উপজেলার খরখরা নদীর দক্ষিণ পাড়ে এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, ৫টি কার্তুজ, দুটি দা জব্দ করার কথা জানিয়েছে পুলিশ।

কয়রা থানার ওসি শমসের আলী জানান, বৃহস্পতিবার পুলিশ আনারুলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যে সুন্দরবনের অভ্যন্তরে অস্ত্র উদ্ধারে অভিযান চালায় পুলিশ। এ সময় আগে থেকে ও‍ঁৎ পেতে থাকা আনারুলের লোকরা হামলা চালায়। পুলিশও আত্মরক্ষার জন্য গুলি চালায়। এ সময় আনারুল ছানাসহ পুলিশের ৩ কনস্টেবল আহত হন।

পরে আহতদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আনারুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আনারুলের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি। আনারুলের বিরুদ্ধে ৬টি ডাকাতি, ১টি খুন, ১টি অস্ত্র মামলাসহ ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *