রেকর্ড ভেঙে এক ইভেন্টে দুই সোনা

বিডি নিউজ ৬৪: তীব্র প্রতিদ্বন্দ্বিতা হলো। ভেঙে গেল অলিম্পিক রেকর্ড। সামনে লড়তে থাকা দুজনের কেউ শেষ পর্যন্ত হারলেন না। প্রথম আফ্রিকান-আমেরিকান নারী হিসেবে অলিম্পিক সাঁতারের ব্যক্তিগত ইভেন্টের সোনার পদক জিতে ইতিহাস গড়লেন সিমিওনে ম্যানুয়েল। কানাডার ১৬ বছর বয়সী পেনি ওলেকসিয়াকও পেলেন সোনা। রিওতে মেয়েদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে এই কাণ্ডই ঘটেছে। এক সাথে অলিম্পিক রেকর্ড ভেঙে ম্যানুয়েল ও পেনি, দুজনই জিতেছেন সোনা।

ম্যানুয়েল ও পেনি ঠিক একই সাথে ৫২.৭০ সেকেন্ড সময়ে শেষ করেছেন সাঁতার। বাংলাদেশের শুক্রবারে অলিম্পিকের ষষ্ঠ দিনে তাদের জোড়া পারফরম্যান্সে টাই হলো। এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ কম সময় নিয়ে তারা অলিম্পিক রেকর্ড গড়েছেন। রুপা পাননি তাই কেউ। বোঞ্জ জিতেছেন সুইডেনের সারাহ সিওসট্রোম। ৫২.৯৯ সেকেন্ড তার টাইমিং।

২০ বছরের ম্যানুয়েল ইতিহাস গড়া সাঁতারের পর কান্নায় ভেঙেছেন। কাঁদতে কাঁদতেই বলেছেন, “এই সোনাটা শুধু আমার জন্য না, যারা আমার প্রেরণা ও আমার সাথে সবসময় আছেন তাদের সবার জন্য। যারা ভাবে তারা পারবে না তাদের জন্য আমি প্রেরণা হতে চাই।”

সাঁতারে প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে অলিম্পিকের সোনা জিতেছিলেন অ্যান্থনি এরভিন। সেটা ২০০০ সিডনি অলিম্পিকের ঘটনা। ম্যানুয়েল প্রথম আমেরিকান নারী হিসেবে ১৯৮৪ সালের পর নারীদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের সোনা জেতার কীর্তিও গড়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *