বিডি নিউজ ৬৪: ঝিনাইদহের হরিণাকুণ্ডে নিখোঁজের আট দিন পর ইদ্রিস আলী পান্না (৪৫) নামে এক জামায়াত নেতা ও মাদ্রাসাশিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঝিনাইদহ-হরিণাকুণ্ডু সড়কের জোড়াপুকুর মাঠ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের পাশেই একটি মোটরসাইকেল ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে।
নিহত ইদ্রিস আলী গত ৪ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। তিনি হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের আমির ও উপজেলা জামায়াতের মজলিসে সুরার সদস্য এবং রঘুনাথপুর আলী মাদ্রাসার শিক্ষক ছিলেন।
হরিণাকুণ্ডু থানার ওসি মাহতাব উদ্দীন জানান, শুক্রবার ভোরে রাস্তার ওপর একটি লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তিনি আরও জানান, তাকে বাস অথবা ট্রাক চাপা দিয়েছে। পাশে একটি মোটরসাইকেল ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। সম্ভবত তিনি নামাজ কিংবা কোনো কাজে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতাল মর্গে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট রাত ৮টার দিকে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে মোটরসাইকেলে রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সামনে পৌঁছালে ৩/৪ জনের সাদা পোশাকের পিস্তল ও অয়্যারলেসধারী লোক তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় গত ৯ আগস্ট নিহতের স্ত্রী ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল