বিডি নিউজ ৬৪: অলিম্পিকে অনেক অ্যাথলেট ছাড়িয়ে যান নিজেকে। বাংলাদেশের সেরা সাঁতারু মাহফিজুর রহমান সাগরও সেই অর্থে অলিম্পিকে নিজেকে ছাড়িয়ে গেছেন। অলিম্পিকে ৫০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে গেলো আসরের চেয়ে ভালো টাইমিং করেছেন ২৩ বছরের মাহফিজুর। এটা তার নতুন ব্যক্তিগত সেরা টাইমিং।
রিওর পুলে সাত নম্বর পুলে শুরুর সময় দ্রুততম ছিলেন মাহফিজুর। কিন্তু হিটে শেষ পর্যন্ত আট জনের মধ্যে ৫ম হয়েছেন। মোট ৮৪ প্রতিযোগীর মধ্যে হয়েছেন ৫৪তম। সাঁতার শেষ করতে মাহফিজুরের সময় লেগেছে ২৩.৯২ সেকেন্ড। আগের ব্যক্তিগত সেরার চেয়ে ০.০৭ সেকেন্ড উন্নতির পারফরম্যান্স। চার বছর আগে লন্ডন অলিম্পিকে এই ইভেন্ট মাহফিজুর সাঁতরেছিলেন ২৪.৬৪ সেকেন্ডে।
অলিম্পিকের আগে মাহফিজুর বলেছিলেন, রিওতে নিজের সেরা টাইমিংয়ের উন্নতি করাই তার লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনের পর তিনি জানিয়েছেন, “আমার পারফরম্যান্সে আমি বেশ সন্তুষ্ট। আমার লক্ষ্য ছিল টাইমিংয়ে উন্নতি করা। তা করতে পেরেছি। বর্তমান পরিস্থিতি এবং এই ইভেন্টে জাতীয় রেকর্ডের কথা ধরলে এটা আমার সেরা চেষ্টা।”
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল