ঢাকায় নিযুক্ত ৩ কূটনীতিককে ডেকে পাঠিয়েছে তুরস্ক

বিডি নিউজ ৬৪: বাংলাদেশে কর্মরত তিন কূটনীতিককে দেশে ডেকে পাঠিয়েছে তুরস্ক। তাদের বিরুদ্ধে গত মাসে তুরস্কে সংঘটিত ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশে যে তিনজন কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের মধ্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স আহমেদ গুরবুজ রয়েছেন। এ তিনজনকে দেশে ফিরে যাবার নির্দেশ দেওয়া হলেও আহমেদ গুরবুজ এবং আরেকজন কূটনীতিক এরই মধ্যে নিউইয়র্কে চলে গেছেন । আরেকজন পরিবারসহ মস্কো চলে গেছেন।
কূটনীতিক সূত্রে জানা গেছে, তাদের সবার কূটনীতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে। শুধুমাত্র বাংলাদেশ থেকে নয়, সারা বিশ্বে থাকা ৩০০ জন কূটনীতিকের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনেছে তুরস্ক।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, শুক্রবার তুরস্কের রাষ্ট্রদূত দেউরিম ওজতুর্ক ঢাকায় ফিরছেন। জামায়াতের প্রাক্তন আমির মতিয়ুর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হবার পরে তিনি ৩ মাস আগে দেশে চলে যান।
প্রসঙ্গত, তুরস্কে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার পরপরই ঢাকা তার রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকিকে দেশে আলোচনার জন্য ডেকে পাঠিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *