বিডি নিউজ ৬৪: ১১২ বছর পর অলিম্পিক গেমসে ফিরেছে গলফ। আর রিও অলিম্পিকের এই ইভেন্ট বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই দেশের গলফার সিদ্দিকুর রহমান। কিন্তু টাইগারদের সেরা গলফারের প্রথম অলিম্পিক শুরু হয়েছে খুব বাজেভাবে। প্রথম রাউন্ডে ৬টি বোগি পাওয়ায় সিদ্দিকুর দিন শেষ করেছেন ৫৬তম স্থানে থেকে। রিও অলিম্পিকের গলফ কোর্সে নির্ধারিত পার ৭১।
বোগির সাথে দুইটি বার্ডি ছিল সিদ্দিকুরের। ৩১ বছরের গলফার চার ওভার পারে ৭৫ শটে শেষ করেছেন দিন। প্রথম নয় হোলে ভালোই খেলেছেন তিনি। পারে থেকেছেন চার হোলে। পঞ্চম হোলে পেয়েছেন বার্ডি। পরের হোলে পারের পর সপ্তম হোলে গিয়ে প্রথম বোগির মাঝে পড়েন সিদ্দিকুর। দুইবারের এশিয়ান ট্যুর জয়ী গলফার অষ্টম হোলে আরেকটি বার্ডি দিয়ে ফিরেছিলেন। কিন্তু তারপর পথ হারিয়েছেন। আরো ৫টি বোগি পেয়েছেন পরে।
অস্ট্রেলিয়ার মার্কাস ফ্রেজার প্রথম রাউন্ডে তিন শটে এগিয়ে থেকে লিডারবোর্ডে নেতৃত্ব দিচ্ছেন। অলিম্পিক কোর্স রেকর্ড আট আন্ডার পারে ৬৩ শটে দিন শেষ করেছেন তিনি। মাত্র একটি বোগি হয়েছে তার।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল