বিডি নিউজ ৬৪: অস্ত্রোপচার সফল। নেটে ফিরতে অন্তত ১২ সপ্তাহ সময় লাগবে মুস্তাফিজুর রহমানের। তার মানে তিন মাস। তারপর প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে লাগবে আরো কিছুদিন। দ্য ফিজ ছোট্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ছুরির নিচে গেলেন বৃহস্পতিবার। কাঁধের ইনজুরির অস্ত্রোপচার হলো। ৭০ মিনিটের অস্ত্রোপচার করেছেন সার্জন অ্যান্ড্রু ওয়ালেস। কেনসিংটনের বুপা ক্রমওয়েল হাসপাতালে বৃহস্পতিবার লন্ডন সময় বিকেলে হয় এই অস্ত্রোপচার।
রাতে হাসপাতালেই ছিলেন ফিজ। আজ বাংলাদেশ সময় দুপুরে চিকিৎসকরা তাকে আবার দেখবেন। সব ঠিক থাকলে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যাবেন ২০ বছরের বোলিং সেনসেশন। আর বুধবারের মধ্যে হয়তো দেশে ফিরবেন। বাঁ হাতি পেসার ফিজ ইংল্যান্ডে গিয়েছিলেন সাসেক্সের হয়ে প্রথমবারের মতো কাউন্টি ক্রিকেটে খেলতে। কিন্তু দুই ম্যাচ খেলার পর ইনজুরির কারণে আর মাঠে নামতে পারেননি। এই অস্ত্রোপচারের আগে মুস্তাফিজের চিকিৎসার সব খরচ জুগিয়েছে সাসেক্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ত্রোপচার ও আনুসাঙ্গিক খরচ দিচ্ছে।
দেশের ক্রিকেটের অন্যতম সেরা সম্পদের অস্ত্রোপচার উদ্বিগ্ন ছিলেন অনেকে। অস্ত্রোপচারের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে খবর নিয়েছেন। ফোন করে অভয় দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান লন্ডন উড়ে গিয়েছিলেন অস্ত্রোপচারের সময় ফিজের পাশে থাকতে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও ছিলেন অপারেশন থিয়েটারে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল