কর্মস্থলে সামান্য পরিবর্তনেই মিলবে জাদুকরী সাফল্য

বিডি নিউজ ৬৪: স্থবির কর্মস্থলে প্রাণ ফেরাতে পারে সামান্য পরিবর্তন। আর এ কাজটি করা সম্ভব হলে কাজের গতি যেমন বাড়বে তেমন উৎপাদনশীলতা ও সৃজনশীলতাও বাড়ানো সম্ভব হবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
গোছালো কক্ষে উৎপাদনশীলতা
কর্মস্থল যদি হয় কাজের জন্য অনুপযুক্ত তাহলে আপনি সেখানে যতই চেষ্টা করুন না কেন, কাজ করতে পারবেন না। আর এ বিষয়টি মানুষের কর্মতৎপরতার সঙ্গেও সম্পৃক্ত। আপনি যদি এ ধরনের কোনো কর্মস্থলে থাকেন তাহলে তা ঠিক করার চেষ্টা করতে হবে সবার আগে।
বিভিন্ন গবেষণাতে দেখা গেছে, কর্মস্থলের পরিবেশের ওপর কাজের গুণগতমান নির্ভর করে। ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটার এক গবেষণায় কর্মস্থলের পরিবেশের বিষয়টি কাজের ওপর কতখানি প্রভাব বিস্তার করে তার অনুসন্ধান চালানো হয়। এতে অগোছালো কক্ষ এবং গোছালো কক্ষ কাজের ক্ষেত্রে কতখানি প্রভাব বিস্তার করে তার ওপর গবেষণা করা হয়।
অন্য একটি গবেষণায় ডাচ শিক্ষার্থীদের একটি অগোছালো ও একটি গোছালো কক্ষে ১০ মিনিট বসে থাকতে দেওয়া হয়। এরপর তারা সে কক্ষ থেকে বের হওয়ার পর স্বেচ্ছায় অর্থ অনুদান দেয়ার প্রবণতা জেনে নেওয়া হয়। এতে দেখা যায়, যারা গোছালো কক্ষ থেকে বের হয় তারা অগোছালো কক্ষে অবস্থানকারীদের তুলনায় দ্বিগুণেরও বেশি অর্থ অনুদান দেয়।
গবেষকরা এ বিষয়টির উপসংহারে বলেন, গোছালো কক্ষে অবস্থান অনেকটা স্বাস্থ্যকর খাবার খাওয়ার মতোই, যা মানুষকে গোছালো মানসিকতা গড়তে সহায়তা করে।
উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য বিষয়টি থেকে কিভাবে সুফল পাওয়া যাবে? এ প্রশ্নে গবেষকরা বলেন, অগোছালো কক্ষকে কিছুটা গুছিয়ে নিলেই সুফল পাওয়া যাবে। কারণ গুছিয়ে নিয়েই কক্ষের পরিবেশ পাল্টে ফেলা সম্ভব। এতে উৎপাদনশীলতা ও কর্মীদের মানসিক স্থীরতা বৃদ্ধি পায়।
অগোছালো কক্ষে সৃজনশীলতা
সাজানো-গোছানো কক্ষ যেখানে মানুষকে উৎপাদনশীলতায় আগ্রহী করে তোলে সৃজনশীলতা ঠিক সেভাবে কাজ করে না। আর এ কারণে কিছুটা অস্বাভাবিকতা কিংবা অগোছালো ভাব মানুষের সৃজনশীলতা বিকাশ করতে পারে বলে মনে করছেন গবেষকরা।
হারভার্ড বিজনেস রিভিউতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানা যায়, অগোছালো বিষয় মানুষকে নির্দিষ্ট বিষয়ে ব্যক্তিগত নিয়ন্ত্রণ নিতে বাধা দেয়। আর এ কারণে নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দেওয়া সম্ভব হয় না।
তবে সৃজনশীলতা বিষয়টি ভিন্নভাবে কাজ করায় অগোছালো বিষয়টিই মানুষকে স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে সহায়তা করে। আর এ কারণে কিছুটা অগোছালো অবস্থাতেই সৃজনশীলতা বৃদ্ধি পায়।
এ কারণে আপনার যদি কাজ হয় সৃজনশীলতা নিয়ে, তাহলে কাজের ডেস্কটা সামান্য অগোছালো করে নিলেই কাজ হতে পারে। আর যদি কাজ করতে হয় একেবারে নির্দিষ্ট বিষয়ে, কোনো সৃজনশীলতার স্থান না থাকে তাহলে গোছালো ডেস্কই সবচেয়ে উপযুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *