বিডি নিউজ ৬৪: লিওনেল মেসি কি অবসর থেকে ফিরবেন? আবার তাকে আর্জেন্টিনা দলের জার্সি শরীরে আন্তর্জাতিক ফুটবলে দেখা যাবে? এই প্রশ্নের জবাব মেলার অপেক্ষা এখন। আর্জেন্টিনার নতুন কোচ এদগার্দো বাউজা মেসিকে জাতীয় দলে ফেরাতে এখন রয়েছেন স্পেনে। বার্সেলোনাতেই তিনি। মেসির সাথে সেখানে বৈঠক করবেন। বার্সেলোনা তারকাকে আর্জেন্টিনা দলে ফেরানোর টার্গেট নিয়েই এই সফর তার। আশাবাদী বাউজা।
সম্প্রতি আর্জেন্টিনার মিডিয়ায় খবর হলো মেসি নাকি মানসিক ভাবে তৈরি ফিরতে। কেবল নিশ্চিত করার অপেক্ষা। গত জুনে কোপা আমেরিকার ফাইনালে হারার পর হঠাৎ করে অবসরের ঘোষণা দেন ৫ বারে ফিফা বিশ্ব সেরা ফুটবলার মেসি। সেই থেকে তাকে ফেরানোর চেষ্টায় আছেন দেশটির প্রেসিডেন্টসহ অনেকে। দায়িত্ব নেওয়ার পর বাউজার প্রথম কাজ হচ্ছে দলের সেরা খেলোয়াড়কে ফেরানো।
সাও পাওলোর সাবেক কোচ বাউজা একটু দার্শনিক মানুষ। দায়িত্ব নিয়ে বলেছেন, মেসির সাথে আর্জেন্টিনা দলের সমস্যা নিয়ে কথা বলাই তার প্রথম কাজ। বার্সেলোনার এল পার্তি বিমানবন্দরে নেমে ৫৮ বছর বয়সী কোচ বলেছেন, “এই আলাপ একটি সিদ্ধান্তে পৌঁছতে। আমি এখানে মেসিকে প্রভাবিত করতে আসিনি। আমি ফুটবল নিয়ে তার সাথে কথা বলতে এসেছি। আমি চাই সে আমার কাছে সেই হতাশার কথা বলুক যার জন্য তাকে অবসরের সিদ্ধান্ত নিতে হয়েছে।”
প্রাজ্ঞ বাউজা জানেন, আর্জেন্টিনা ফুটবল সংস্থার সমস্যাও এখানে বড় ভূমিকা রেখেছে। যে সমস্যার জন্য মেসির অবসরের কয়েক দিন পর কোচ গেরার্দো মার্তিনো পদত্যাগ করেন। সার্জিও আগুয়েরো, মেসির ক্লাবমেট হাভিয়ের মাচেরানোও আর জাতীয় দলে খেলতে চাননা। বাউজার পরিকল্পনায় এই খেলোয়াড়রাও আছেন, “আমি এখানে মেসি ও মাচেরানোর সাথে কথা বলতে এসেছি। হাতে সময় থাকলে অন্য জায়গায়ও যাবো। আমি সহজাত আশাবাদী।” ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে সেপ্টেম্বরের শুরুতেই উরুগুয়ে ও ভেনিজুয়েলার সাথে খেলবে আর্জেন্টিনা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল