বিডি নিউজ ৬৪: প্রথম ৫ উইকেট ভারত হারিয়েছিল ১২৬ রানে। আর শেষ ৫ উইকেট হারিয়েছে মাত্র ১৪ রানের মধ্যে। এই দুইয়ের মাঝে দারুণ কীর্তি গড়ে ক্যারিবিয়ানে ভারতের পতাকা উচু রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহা। ২১৩ রানের জুটি গড়েছেন ষষ্ঠ উইকেটে। দুজনই করেছেন সেঞ্চুরি। চলমান সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অশ্বিনের এটি দ্বিতীয় সেঞ্চুরি। ক্যারিয়ারের চতুর্থ। চারটিই ক্যারিবিয়ানদের বিপক্ষে। সাহা পেয়েছেন তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এই জোড়া সেঞ্চুরিতে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারত করে ৩৫৩ রান। জবাব ভালোই দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রস আইলেটে দ্বিতীয় দিন তারা শেষ করেছে ১ উইকেটে ১০৭ রানে। এখনো অবশ্য পিছিয়ে ২৪৬ রানে।
৮৭ রানে ৪ উইকেট পড়ার পর অশ্বিন নিয়েছিলেন দায়িত্ব। প্রথম দিনে অপরাজিত ছিলেন ৭৫ রানে। আর তার সাথে দ্বিতীয় দিনটি সাহা শুরু করেন ৪৬ রান নিয়ে। ৫ উইকেটে ২৩৪ রান নিয়ে দলের শুরু। সাহা ফিফটি করলেন। স্লো পিচে আরেকটি সেঞ্চুরির দিকে এগিয়ে গেলেন অশ্বিন। রানের গতি তেমন বাড়েনি।
প্রথম সেশনটা কেটে গেলো। ধৈর্য্যের প্রতিমূর্তী হয়ে থাকা অশ্বিন মধ্যাহ্ন ভোজ থেকে ফিরে তুলে নিলেন সেঞ্চুরি। প্রথম টেস্টেও সেঞ্চুরি হাঁকিয়েছিলেন অশ্বিন। সাহার গতি বাড়ে। তিনিও উৎসব করলেন প্রথমবারের মতো টেস্টে তিন অংকের ম্যাজিক পিগারে পৌঁছে।
সাহার বিদায়েই ভাঙে মূল্যবান জুটিটা। অভিষেক টেস্ট খেলতে নামা পেসার আলজারি জোসেফ তুলে নেন ২২৭ বলে ১০৪ রান করা সাহাকে। ওখানে পতনের শুরু ভারতের। বাকি চার উইকেটের তিনটি নিয়েছেন ফাস্ট বোলার মিগুয়েল কামিন্স। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন অশ্বিন। ২৯৭ বলে ১১৮ রানের অসাধারণ ইনিংস খেলে গেছেন। কামিন্স ও জোসেফ তিনটি করে এবং শ্যানন গ্যাব্রিয়েল ও রোস্টন চেজ দুটি করে উইকেট নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়েছে। প্রথম উইকেট তারা হারিয়েছে ২৪তম ওভারে গিয়ে। সিরিজে প্রথম টেস্ট খেলতে নামা লিওন জনসন ২৩ রান করে রান আউট হয়েছেন। এরপর ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ও ড্যারেন ব্রাভো মিলে নিরাপদে দিন শেষ করেছেন। ক্রেগ ৫৩ ও ব্রাভো ১৮ রানে অপরাজিত।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল