অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

বিডি নিউজ ৬৪: সঙ্কট? কিসের সঙ্কট? ব্রাজিল ও তাদের সূর্য সন্তান নেইমার বন্ধ করে দিলেন সমালোচকদের মুখ। আনন্দে ভাসালেন দেশের ফুটবল পাগল মানুষদের। অলিম্পিক ফুটবলের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেইমারের ব্রাজিল স্রেফ উড়িয়ে দিয়েছে ডেনমার্ককে। ৪-০ গোলের জয় তুলে নিয়ে রিও অলিম্পিকের স্বাগতিকরা উঠে গেছে ফুটবল আসরের কোয়ার্টার ফাইনালে।

দক্ষিণ আফ্রিকা ও ইরাকের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ০-০ ড্র করেছে ব্রাজিল। এই ম্যাচেও তেমন কিছু হলে অলিম্পিকে ব্রাজিলের প্রথম সোনা জয়ের স্বপ্নটা ভেঙে যেত গ্রুপ পর্বেই। চির প্রতিদ্বন্দ্বী দুই বারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। কিন্তু এবার আর তেমন কিছু হতে দিলেন না নেইমাররা।

সালভাদরে ৪০ হাজার সমর্থকের সামনে নিজেদের তৃতীয় ম্যাচে এসে সাম্বার ছন্দ খুঁজে পেল ব্রাজিল। নেইমার তাদের প্রাণভোমরা। ‘গ্যাবিগোল’ গ্যাব্রিয়েল বারবোসা দুই গোল করেছেন। গ্যাব্রিয়েল জেসাস ও লুয়ান করেছেন একটি করে। বারবোসা ও জেসাসকে বলা হয় এই সময়ের ব্রাজিল ফুটবলের বিস্ময় বালক। কলম্বিয়ার সাথে শেষ আটের ম্যাচে লড়বে ব্রাজিল। গ্রুপ চ্যাম্পিয়নই হয়েছে তারা।

এবারের আসরে ২০৬ মিনিট পর প্রথম গোলের দেখা পেয়েছে ব্রাজিল। ডেনিশদের বিপক্ষে ম্যাচের ২৬ মিনিটে দগলাস সান্তোসের পাঠানো ক্রস থেকে গোল করেন গ্যাবিগোল। লুয়ানের পাস থেকে ৪০ মিনিটে ব্যবধান ২-০ করেন সম্প্রতি ২৭ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া টিনএজার জেসাস। নেইমারের সাথে বোঝাপড়ায় তৃতীয় গোলটি লুয়ান নিজেই করেন। আর ম্যাচের ৮০ মিনিটে গ্যাবিগোল করেন তার দ্বিতীয় গোল। প্রথম দুই ম্যাচে সমালোচনার মুখে পড়া নেইমারও এদিন খেলেছেন দারুণ। অসম্ভব নির্ভার হয়েই নক আউট পর্বে গেলো দক্ষিণ আমেরিকার পরাশক্তি দলটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *