বিডি নিউজ ৬৪: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে বাবুল মিয়া (৩৫) নামে এক পাথর শ্রমিককে ছুরিকাঘাত করে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার গভির রাতে উপজেলার ধলাই নদীর তীরবর্তী কালাবাড়ি এলাকা থেকে রাত আড়াইটায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত বাবুল মিয়া নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলামান্দ ইউনিয়নের বাবন্দর গ্রামের আব্দুল হামিদের ছেলে। তিনি ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে বোমা মেশিন চালানোর কাজ করতেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম বলেন, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হন বাবুল মিয়া। এসময় কে বা কারা তাকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়।
এলাকাটি দুর্গম সীমান্তবর্তী হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়। রাত আড়াইটার দিকে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তিনি বলেন, বাবুল মাত্র ৪ দিন আগে বাড়ি থেকে কর্মস্থলে আসেন। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল