বিডি নিউজ ৬৪: বলিউড স্টার ‘লেডি কিলার’ অক্ষয়ের প্রেমকাহিনী নিয়ে মিডিয়ায় কম গুঞ্জন হয়নি। একাধিক নায়িকার সঙ্গে সম্পর্ক ছিল মি. খিলাড়ির। শেষ পর্যন্ত তাদের একজনকে নিয়েই সংসার শুরু করেন। তবে বিয়ে হওয়ার কথা ছিল রাভিনা ট্যান্ডনের সঙ্গে। কেন হলো না জানেন কি?
কেন ভেঙেছিল সম্পর্ক?
১৯৯০-এর দশকে অক্ষয় কুমার এবং রাভিনা ট্যান্ডনের প্রেম ছিল বলিউডের সবচেয়ে চর্চিত বিষয়। তাদের সম্পর্কের গভীরতা কতটা ছিল, তা নিয়ে তখন সংবাদমাধ্যমে নানা রসালো খবর প্রকাশিত হতো। কিন্তু সেই সব খবরের সত্যতা কখনওই যাচাই করা হয়নি। স্রেফ গুজবের ঘেরাটোপে রয়ে গিয়েছে সেই সম্পর্ক। তবে শোনা যায়, দুজনেই নাকি একসময়ে বিয়ের কথা ভাবতে শুরু করেন। এমনকী লুকিয়ে বিয়ে করার গুজব পর্যন্ট রটে গিয়েছিল।
কিন্তু সত্যিই যদি সম্পর্ক এত গভীর হয়, তা হলে শেষ পর্যন্ত বিয়েটা কেন হল না? রাভিনা ট্যান্ডন একসময়ে আচমকা ছবি করা বন্ধ করে দিয়েছিলেন। একের পর এক অফার ফেরাতে থাকেন। রটে যায়, অক্ষয় চান না বিয়ের পরে রাভিনা আর অভিনয় করুন। সেই কারণে রাভিনা আগেভাগেই কাজ বন্ধ করে দিচ্ছেন বলে শোনা যায়। সেই সময়ে একটি পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে অক্ষয়ও বিয়ের ইঙ্গিত দিয়েছিলেন।
স্রেফ সন্দেহই ভেঙে দিয়েছিল এই সম্পর্ককে
শোনা যায়, এমন সম্পর্ক ভেঙেছিল রাভিনার ছোট্ট একটি ভুলে। ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ ছবিতে রাভিনা এবং অক্ষয়ের সঙ্গে ছিলেন রেখা। সেই ছবির পরেই সংবাদমাধ্যমের একাংশে রটে যায় একটি খবর— রেখা এবং অক্ষয়ের মধ্যে নাকি নতুন করে রসায়নের সন্ধান পাওয়া যাচ্ছে। এমনিতেই একাধিক অভিনেত্রীর সঙ্গে নাম জড়ানোয় তখন বলা হয় অক্ষয় ‘খিলাড়ি’ কুমার। তার মধ্যে রেখা-ফ্যাক্টর জুড়ে যাওয়ায় রাভিনা তীব্র ক্ষিপ্ত হয়ে ওঠেন। শোনা যায়, অক্ষয় তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু রাভিনা সংবাদমাধ্যমে প্রকাশিত খবরেই বিশ্বাস করেন এবং সম্পর্ক ভেঙে দেন।
যারা অক্ষয়-রাভিনার সম্পর্ক নিয়ে জানেন, তারা বলেন অক্ষয় নাকি এর পরেও চেয়েছিলেন সম্পর্ক টিকিয়ে রাখতে। কিন্তু ব্রেক-আপের পরেই অক্ষয়ের বিরুদ্ধে সংবাদমাধ্যমে বিষোদ্গার শুরু করেছিলেন রাভিনা। তার সঙ্গে এনগেজমেন্টের সময় অক্ষয় আরও দুইজন অভিনেত্রীর সঙ্গে এনগেজ্ড ছিলেন— এই ধরনের অভিযোগও শোনা গিয়েছিল রাভিনার মুখে। তিনি বলেছিলেন, ‘‘যে মেয়েকে দেখেন, তার সঙ্গেই অক্ষয় এনগেজমেন্ট সেরে ফেলেন। মুম্বইয়ের ৭৫ শতাংশ মেয়ের বাবা এবং মা-কে অক্ষয় ‘মাম্মি-ড্যাডি’ বলে ডাকে!” বলা বাহুল্য, এর পরে আর সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেননি অক্ষয়।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল