বিডি নিউজ ৬৪: মাগুরায় ভারি বৃষ্টিপাতের সময় গাছের নিচে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন মাগুরা সদরের বেড় আকছি গ্রামের খবির হোসেন মোল্লা (৩৬) ও শালিখা উপজেলার বাহির মল্লিক গ্রামের স্বপন বিশ্বাস (৫৫)। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে।
খবির হোসেন বেড় আকছি গ্রামের রুস্তম মোল্লার ছেলে ও স্বপন বিশ্বাস বাহির মল্লিক গ্রামের চন্দ্র কান্তি বিশ্বাসের ছেলে।
খবিরের চাচাতো ভাই মিরাজ জানান, সকালে বৃষ্টিপাতের সময় বাড়ির পার্শবর্তী গোরস্থানের একটি গাছ হেলে পড়লে এটি কাটতে যান খবির হোসেন। এ সময় গাছের একটি ডাল তার শরীরের ওপর ভেঙে পড়লে গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে শালিখা উপজেলার বাহির মল্লিক গ্রামের স্বপনের ভাতিজা বিশ্বজিৎ বিশ্বাস জানান, ভারি বর্ষণে বসতবাড়ির মাটির ঘরের ওপর থাকা একটি মোটা গাছ ভেঙে পড়লে তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান স্বপন বিশ্বাস।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল