দৌলতদিয়া ফেরিঘাট: সচল হতে লাগবে আরও দু-একদিন

বিডি নিউজ ৬৪: দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের অচলাবস্থা এখনও কাটেনি। পদ্মায় বিলীন হওয়া তিনটি ফেরিঘাটের মধ্যে অন্তত ৪নং ঘাটটিকে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে চালু করার সর্বাত্মক চেষ্টা করে সংশ্লিষ্টরা। তবে পদ্মার প্রবল স্রোত আর ভাঙনের মুখে কোনো কাজ করা সম্ভব না হওয়ায় ১নং ঘাটটিকে প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছে বিআইডব্লিউটিএ। এ অবস্থায় ফেরি চলাচল পুরোপুরি চালু হতে অন্তত আরও দুই দিন সময়ের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ২নং ঘাটটির র‌্যাম্প কিছুটা সরিয়ে পুনঃস্থাপন করা হয়েছে।

দৌলতদিয়ার ৪টি ঘাটের মধ্যে ৩টি সম্পূর্ণ ও ১টির আংশিক বন্ধ হয়ে আছে গত চার দিন ধরে। এতে করে রাজধানী ঢাকা ও অন্যান্য অঞ্চলের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে আছে। আংশিক ঘাট দিয়ে কয়েকটি ছোট ফেরি চালু রাখা হয়েছে। যেগুলোতে শুধু যাত্রী, ব্যক্তিগত গাড়ি ও অ্যাম্বুলেন্সের মতো জরুরি যানবাহন পারাপার করা হচ্ছে। ফলে ভোগান্তি এড়াতে রোববার প্রশাসনের পক্ষ থেকে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

এরপর থেকে অধিকাংশ যানবাহন প্রায় ২০০ কিলোমিটার পথ ঘুরে বঙ্গবন্ধু সেতু দিয়ে ঢাকাসহ অন্যান্য এলাকায় চলাচল করছে। তবে বঙ্গবন্ধু সেতু দিয়ে অধিক ওজনের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকায় সেগুলো মাওয়া-কাওড়াকান্দি রুট ব্যবহার করছে। পাশাপাশি দূরপাল্লার কিছু বাস যাত্রীদের দৌলতদিয়া ঘাট পর্যন্ত নামিয়ে দিয়ে যাচ্ছে। এসব যাত্রী অনেক ঝুঁকি ও দুর্ভোগ নিয়ে দীর্ঘ সময়ের ব্যবধানে লঞ্চ, ছোট ফেরি ও ট্রলারে পদ্মা-যমুনা পাড়ি দিচ্ছে।

রাজবাড়ীর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ৪নং ফেরিঘাটের প্রায় ৩০০ মিটার পাকা সড়ক নদীতে বিলীন হয়ে ঘাটটি বন্ধ হয়ে গেছে। তারা গত কয়েক দিন চেষ্টা করে সংস্কার ও ভাঙন প্রতিরোধের কাজ করেছেন। বুধবার দুপুরের মধ্যে ঘাটটি ফেরি চলাচলের জন্য খুলে দেয়ার আশা করছেন তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *