বিডি নিউজ ৬৪: ক্যারিয়ারের শেষ অলিম্পিকেও অবিশ্বাস্য ও অসাধারণ মাইকেল ফেলপস। রিও গেমসের পুল থেকে তুলে নিলেন তার ২০তম অলিম্পিক সোনা। তার রেকর্ডের আশেপাশে নেই কেউ। মার্কিন কিংবদন্তি সাঁতারু ২০০ মিটার বাটারফ্লাইয়ে পুনরুদ্ধার করেছেন তার শ্রেষ্ঠত্ব। এবারের আসরে দুবার জলে নেমে দুটি সোনা জিতলেন ফেলপস। ক্যারিয়ারের মোট অলিম্পিক পদকের সংখ্যা দাঁড়ালো ২৪টি। অবসর থেকে ফিরে এসেও ফেলপস ঝড় তুলে সোনা জিতে চলেছেন।
বিশ্ব ইতিহাসে সবচেয়ে বেশি অলিম্পিক সোনা ও পদক জয়ের রেকর্ড ফেলপসের। ৩১ বছরের সাঁতারু এবারও অপ্রতিরোধ্য। ২০০ মিটার বাটারফ্লাই জিতেছেন ১ মিনিট ৫৩.৩৬ সেকেন্ড সময় নিয়ে। দক্ষিণ আফ্রিকার শাড লে ক্লোস গেলোবারের চ্যাম্পিয়ন। এবারও ফেলপসের প্রতিযোগিতাটা ছিল তার সাথে। কিন্তু জাপানের মাসাতো সাকাই পেছন থেকে উঠে এসে চমকে দিয়ে জিতেছেন রুপা। তার টাইমিং ১ মিনিট ৫৩.৪০ সেকেন্ড। আর হাঙ্গেরির টামাস কেন্ডারেসি বোঞ্জ জিতেছেন ১ মিনিট ৫৩.৬২ সেকেন্ডে।
এই ইভেন্টের বিশ্ব রেকর্ডটি ফেলপসের। ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে জিতেছিলেন সোনা। কিন্তু ২০১২ লন্ডন অলিম্পিকে পারেননি। এবার সেটি জিতলেন অলিম্পিক সাঁতারের ইতিহাসে ব্যক্তিগত ইভেন্টে সবচেয়ে বর্ষীয়ান হিসেবে। উদযাপনও করেছেন দারুণভাবে। একাত্ম হয়ে গিয়েছিলেন সমর্থকদের সাথে।
এটা ফেলপসের পঞ্চম ও শেষ অলিম্পিক। লন্ডনে লে ক্লোসের কাছে হারের পর ২০০ মিটার বাটারফ্লাই নিয়ে তার সাথে কথার লড়াই চলছিল। শেষ পর্যন্ত মিষ্টি জয় হলো ফেলপসের। ১৯তম অলিম্পিক সোনা রিও থেকে জিতেছেন ফেলপস ৪x১০০ মিটার ফ্রিস্টাইলে। ৪X২০০ মিটার ফ্রিস্টাইলের সোনা আজই জিততে পারেন। গত তিন অলিম্পিকে ১০০ মিটার বাটারফ্লাই ও ২০০ মিটার ব্যক্তিগত মিডলের সোনাও জিতেছেন ফেলপস। এখন মনে হচ্ছে এই দুই ইভেন্টের সোনাও এবার তুলে আনতে পারেন এই সাঁতার বিস্ময়। করতে পারেন নতুন রেকর্ড।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল