নীলফামারীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

বিডি নিউজ ৬৪: নীলফামারীর ডোমারে বড় ভাই গোবিন্দ চন্দ্র রায়ের (৩০) ধারালো অস্ত্রের আঘাতে খুন করেছেন ছোট ভাই নিতাই চন্দ্র রায়কে (২২)।  প্রকাশ্য দিবালোকে আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার বামুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বারোভিশা খামাত বামনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বড় ভাই গোবিন্দ চন্দ্র রায়কে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। এ সময় বড় ভাই গোবিন্দ ছোটভাই নিতাইকে নিজ হাতে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা শিকার করেন এবং হত্যার কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রটি  পুলিশের হাতে তুলে দেন। হত্যার শিকার ও হত্যাকারী ওই দুই ভাই ওই  গ্রামের মৃত অনিল চন্দ্র রায়ের ছেলে।

এলাকাবাসী জানায় ঘটনার সময় বাড়ির অদূরে বাঁশঝাড়ে বাঁশ কাটছিলেন ছোট ভাই নিতাই চন্দ্র রায়। এ সময় পেছন দিকে তার মাথায় ও ঘাড়ে  দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন বড় ভাই গোবিন্দ। পালিয়ে যাওয়ার পথে তাকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।

ডোমার থানার ওসি আহমেদ রাজিউর রহমান রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হত্যাকারী বড় ভাইকে গ্রেপ্তার ও হত্যার কাজে ব্যবহৃত দা উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *