বিডি নিউজ ৬৪: রাজশাহীর গোদাগাড়ীতে একটি মসজিদের ট্যাংকির পানি খেয়ে আট মাদ্রাসাছাত্র অসুস্থ হয়েছে। ওই পানিতে কীটনাশকের গন্ধ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার রিশিকুল ইউনিয়নের তালাই কুন্দলিয়া হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে জানান গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ হোসেন।
অসুস্থ শিক্ষার্থীরা হলো- বিপ্লব (১১), নাইম ইসলাম (১৪), মিফতাহুল জান্নাত (৮), আক্তার রহমান (৯), শাহাদাৎ (১৪), সিফাত (১২), সাব্বির (১২), সাহাবুদ্দিন (১৩)। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ওসি এস এম আবু ফরহাদ হোসেন বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা মাগরিবের নামাজের আগে ওই মসজিদে গিয়ে ওজু করে পানি খায়। এর কিছুক্ষণ পর তাদের পেটে ও বুকে জ্বালাপোড়া শুরু হয়। তারা বমি করে এবং জ্ঞান হারায়। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।
ওসি জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ সিনজেন্টা কোম্পানির ১০০ মিলির দুটি তরল কীটনাশকের বোতল উদ্ধার করেছে। তিনি বলেন, দুটি বোতলের মধ্যে একটি খালি, আরেকটিতে কীটনাশক ভরা রয়েছে।
তিনি আরো বলেন, ওভার ফ্লু পাইপ দিয়ে ট্যাংকের ভেতরে বিষ দেওয়া হয়েছে। পানিতে বিষের গন্ধ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল