সোনা জিতে চীনা সাঁতারু সানের জবাব

বিডি নিউজ ৬৪: চীন বললো, মার্ক হর্টনকে ক্ষমা চাইতে হবে। কারণ, সান ইয়াংকে হারিয়ে ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জেতার পর ওই সাঁতারুকে অপমান করেছেন হর্টন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সানকে ‘ড্রাগ প্রতারক’ বলেছেন। ২০১৪ সালে ড্রাগ টেস্টে পজিটিভ হয়ে তিন মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন সান। অস্ট্রেলিয়া অবশ্য হর্টনের পক্ষ নিয়েছে। কিন্তু সুইমিংপুলেই জবাব দিলেন সান। ২০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন তিনি।

২৪ বছরেই চীনের কিংবদন্তি সান। কিন্তু এবারের রিও অলিম্পিকটা শুরু হয়েছিল হতাশা নিয়ে। সেই হতাশা কাটিয়েই ২০০ মিটারের ফ্রিস্টাইল সাঁতার দিয়ে নিজেতে ফিরলেন সান। এই ইভেন্টের সোনা জিতে রেকর্ড গড়েছেন চীনা সাঁতারু। প্রথম সাঁতারু হিসেবে অলিম্পিকের ৫টি ফ্রিস্টাইল সোনার তিনটি জিতলেন সান। এবারের আসরে সাঁতারে এটিই চীনের প্রথম সোনা।

সানের জন্য ‘প্রথম’ ব্যাপারটি নতুন না। চীনের ইতিহাসের প্রথম সাঁতারু হিসেবে ২০১২ লন্ডন অলিম্পিকে সোনা জিতেছিলেন। সেবার চারটি পদক জেতেন তিনি। এর দুটি ছিল সোনা। একটি ৪০০ মিটার ফ্রিস্টাইলে। অন্যটি ১৫০০ মিটার ফ্রিস্টাইলে। ২০০ মিটার ফ্রিস্টাইলে জিতেছিলেন রুপা। রিলেতে ছিল একটি ব্রোঞ্জ। কিংবদন্তি মাইকেল ফেলপস আর তিনিই কেবল লন্ডনের আসরে ব্যক্তিগত ইভেন্টে দুটি সোনা জেতা সাঁতারু ছিলেন।

এবার রিওতে ৪০০ মিটার ফ্রিস্টাইলের শ্রেষ্ঠত্ব হারান সান। হর্টনের পেছনে থেকে জিতেছেন রুপা। কিন্তু ২০০ মিটারে সানের ফ্রিস্টাইলের শ্রেষ্ঠত্ব ফিরে এলো। দক্ষিণ আফ্রিকার শাদ লে ক্লস রেসের বেশির ভাগ সময়ে এগিয়ে ছিলেন। কিন্তু শেষ ৫০ মিটারে অসাধারণ সাঁতরে তাকে পেছনে ফেলেন সান। সানের সময় লেগেছে ১ মিনিট ৪৪.৬৫ সেকেন্ড। লে ক্লসের ১ মিনিট ৪৫.২০ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের কনোর ডেয়ার ব্রোঞ্জ জিতেছেন ১ মিনিট ৪৫.২৩ সেকেন্ডে। ২০১৫ সালের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাজ্যে জেমস গাই হয়েছেন চতুর্থ। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডের মালিক জার্মানির পল বিদারমান রেকর্ড ধরে রাখলেও তিনি হয়েছেন ষষ্ঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *