অলিম্পিকে আরেকটি হার জকোভিচের

বিডি নিউজ ৬৪: রিও অলিম্পিক নিশ্চয়ই বারবার নোভাক জকোভিচের দুঃস্বপ্নে ফিরে আসবে। বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় এবারের অলিম্পিকে দ্বিতীয় হারের অভিজ্ঞতা পেলেন। এককে হারের পর এবার দ্বৈতেও হারলেন জকোভিচ। তিনি ও তার ৪০ বছরের টিমমেট নেনাদ জিমোনজিচ দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন।

সার্বিয়ান এই জুটি ৬-৪, ৬-৪ এ হেরেছেন স্বাগতিক ব্রাজিলের মার্সেলো মেলো ও ব্রুনো সোয়ারিসের কাছে। আসলে জেতার মতো খেলা হয়নি জকোভিচদের।

১২টি গ্র্যান্ড স্ল্যামের মালিক ২৯ বছরের জকোভিচ। কিন্তু অলিম্পিকে বলার মতো সাফল্য নেই। ২০০৮ বেইজিং অলিম্পিকে জিতেছিলেন এককের ব্রোঞ্জ। এবারের আসরে সোনার টার্গেট ছিল। কিন্তু এককের প্রথম রাউন্ডেই জকোভিচ আর্জেন্টিনার হুয়্ন দেল পোর্তোর কাছে হেরেছেন। সেই হারে কান্নায় ভেঙেছিলেন। এবার হলেন কিংকর্তব্যবিমুঢ়।

এই বছরের প্রথম দুটি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছেন জকোভিচ। কিন্তু গত জুলাইয়ে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে আমেরিকার স্যাম কুয়েরির কাছে হেরে যান। অলিম্পিকের আগে টরোন্টোতে অবশ্য ক্যারিয়ারের ৩০তম মাস্টার্স শিরোপা জিতে জয়ে ফিরেছিলেন। কিন্তু অলিম্পিক থেকে ফিরলেন একরাশ দীর্ঘশ্বাস নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *