বিশ্ব রেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পগবা

বিডি নিউজ ৬৪: ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়েই ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন পল পগবা। চুক্তি পাঁচ বছরের। ৮৯ মিলিয়ন পাউন্ডে জুভেন্তাস ছেড়ে ইউনাইটেডে নাম লিখিয়েছেন এই ফরাসী মিডফিল্ডার। ২০১২ সালে ইংলিশ ক্লাবটি থেকেই ফ্রি ট্রান্সফারে ইতালির ক্লাবে যোগ দিয়েছিলেন পগবা। যার মূল্যমান ছিল মোটে ১.৫ মিলিয়ন পাউন্ড। এবার ফিরলেন বিশ্ব ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার হয়ে। বাংলাদেশের হিসেবে ৯১৩ কোটি টাকা পগবার এই ট্রান্সফারের মূল্য।

২৩ বছরের পগবা ওল্ড ট্রাফোর্ডে ফিরে বলেছেন, “আমি যা কিছু অর্জন করতে চাই তা অর্জন করার জন্য এটাই ঠিক ক্লাব বলে আমার মনে হয়।” ইউনাইটেডের কোচ হোসে মরনিহো বলেছেন, “আগামী এক দশক বা তারো বেশি সময় ধরে ম্যানচেস্টার ইউনাইটের হৃদয় হয়ে থাকার সুযোগ আছে তার।”

ইউরোর হিসেবে জুভেন্তাসকে ১০৫ মিলিয়ন ইউরো দিচ্ছে ইউনাইডেট। পগবার জন্য পারফরম্যান্স ও অন্যান্য খাতে থাকছে আরো ৫ মিলিয়ন ইউরো। ২০১৩ সালে টটেনহামস থেকে ওয়েলসের গ্যারেথ বেল ৮৫ মিলিয়ন পাউন্ডে যোগ দেন রিয়াল মাদ্রিদে। এতদিন তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। তাকে ছাড়িয়ে গেলেন পগবা। জুভেন্তাসের সাথে তিনি চারটি সিরি ‘এ’ শিরোপা, ২টি ইতালিয়ান কাপ ও ২টি সুপার কাপ জিতেছেন। চার মৌসুমে ক্লাবটিতে ১২৪ ম্যাচে ২৮ গোল তার।

পগবা ২০০৯ সালে মাত্র ১৬ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন। ২০১২ সালে মূল দলে আসেন। ফার্গুসন তাকে তিনটি ম্যাচে বদলী হিসেবে খেলার সুযোগ দিয়েছিলেন। সেটা ভালো লাগেনি পগবার। ইউনাইটেড পগবার সাথে নতুন চুক্তি করতে চাইলেও খেলোয়াড় তার আগেই ইতালির জায়ান্ট জুভেন্তাসে সই করে ফেলেন। তা ফার্গুসনদের জানান পরে। ফ্রি ট্রান্সফারে ইংল্যান্ড ছাড়েন পগবা। পর্তুগিজ কোচ মরিনহো এই মৌসুমেই দায়িত্ব নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের। তার হাত ধরেই আবার ইউনাইটেডে ফিরলেন পগবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *