রায়পুরে ‌বন্দুকযুদ্ধে ডাকাত সরদার নিহত, অস্ত্র-গুলি উদ্ধার

বিডি নিউজ ৬৪: লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আলমগীর (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় উপ-পরিদর্শক (এসআই) ফারুকসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত আলমগীর ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুরের একটি সুপারি বাগানে সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। আলমগীর একই এলাকার মৃত লেদামিয়ার ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন (৩৫), পুলিশ সদস্য সফিক (৪২), কমর (৩২) ও ওহিদ (৩৫)।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের একটি সুপারি বাগানে রাত ২টার দিকে একদল ডাকাত ডাকাতির প্রস্ততি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় পুলিশর উপস্থিতি টের পেয়ে তারা পুলিশের উপর গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এতে আলমগীর গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে আবস্থার অবনতি হলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখাতে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনি।

ওসি জানান, নিহত ডাকাত আলমগীর পুলিশের তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় ৭টি মামলা রয়েছে। এ ঘটনায় আহত হন চার পুলিশ সদস্য। তাদেরকে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় বন্দুক ও তিন রাউন্ড গুলি, বিভিন্ন দেশিও অস্ত্র উদ্ধার করা হয়েছে। আলমগীরের বিরুদ্ধে থানায় সাতটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *