বিডি নিউজ ৬৪: নীলফামারীর কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে কিশোরগঞ্জ উপজেলা নাগরিক কমিটি।
আজ সোমবার বেলা ১২টার দিকে বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা শহরের মূল সড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
মানববন্ধন চলাকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এছরারুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাগরিক কমিটির সভাপতি ফজলে রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মমতাজুল ইসলাম সাবুল, প্রধান শিক্ষক গোলাম আজম, উপজেলা প্রেসক্লাবের সভাতি ফজল কাদির, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলম হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মখলেছার রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ফণিভূষণ মজুমদার, নাগরিক কমিটির উপদেষ্টা এ কে এম সাঈদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৩৯ সালে সাত একর ৩৩ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টি এলাকার শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করে আসছে। উপজেলার অতি পুরাতন বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা এক হাজার ৩৯৯ জন। এর মধ্যে ছাত্রী সংখ্যা ৪৩৬। শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৪২ জন। বিদ্যালয়টি বিজ্ঞান, মানবিক এবং কারিগরি শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। বিদ্যালয় জেএসসি এবং এসএসসিতে পাশের হার শতভাগ। ২০০৮ সালে বিদ্যালয়টিকে মডেল বিদ্যালয় হিসেবে ঘোষণা করে সরকার। এলাকার স্বনামধন্য বিদ্যালয়টিকে জাতীয়করণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
পরে বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসানের কার্যালয়ে প্রদান করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এর আগেও বিদ্যালয়টি জাতীয়করণের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালনে করেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল