বিডি নিউজ ৬৪: আগামী বছর ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মধ্যে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। আর এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ভিক্টোরিয়ার বন্দর শহর জিলংয়ে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজিত হতে যাচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া সোমবার তিন ম্যাচের সিরিজের ভেন্যু চূড়ান্ত করেছে। আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি এমসিজিতে প্রথম ম্যাচ, ১৯ ফেব্রুয়ারি জিলংয়ের কারডিনিয়া পার্কে দ্বিতীয় ম্যাচ ও ২২ ফেব্রুয়ারি এডিলেড ওভালে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। পুরুষদের পাশাপাশি দুই দেশের নারীদের দলটিও এই তিনটি ম্যাচে একই ভেন্যুতে অংশ নেবে।
এ সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া প্রধান নির্বাহী জেমস সান্ডারল্যান্ড বলেছেন, দেশের সম্ভাব্য সব ভেন্যুতে আমরা ম্যাচ আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে আঞ্চলিক ভেন্যুগুলোতে আমরা আরো বেশি কাজ করতে চাই। গত গ্রীষ্মে বিবিএল এ মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগেডসের মধ্যকার একটি প্রদর্শনী ম্যাচ আয়োজন করে জিলং তার সক্ষমতা প্রমাণ করেছে। আমরা সত্যিই এই ভেন্যুতে ম্যাচ আয়োজনের অপেক্ষায় আছি।
আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের দিক থেকে অস্ট্রেলিয়ার ১১তম ভেন্যু হিসেবে আবির্ভাব ঘটতে যাচ্ছে কারডিনিয়া পার্কের। এদিকে সিএ আরো ঘোষণা দিয়েছে আগামী পাঁচ বছর অস্ট্রেলিয়া দিবসে অ্যাডিলেড ওভালে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ধারা অব্যাহত থাকবে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল