বিডি নিউজ ৬৪: এতগুলো গোলের সুযোগ নষ্ট করা ব্রাজিলের ভাগ্যে এর চাইতে ভাল কিছু ঘটার সম্ভাবনা ছিলনা। তাই ফুটবলবিশ্বের পরাশক্তি ব্রাজিল টানা দ্বিতীয় ম্যাচে ইরাকের বিপক্ষেও জয় পেলনা স্বাগতিক ব্রাজিল। পাঁচবার বিশ্বকাপ ও তিনবার ফিফা কনফেডারেশন্স কাপ জিতলেও কখনও অলিম্পিক ফুটবলে সাফল্য পায়নি ব্রাজিল। এবার ঘরের মাঠের অলিম্পিকেও তারা যেন ব্যর্থতার খোলস ছেড়ে বেরুতে পারছে না।
অলিম্পিক ফুটবলের সেই অধরা সোনা জয়ের লক্ষ্যে এবার জোর আওয়াজ দিয়েছিল স্বাগতিক দলটি। তবে ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ড্র দিয়েই যাত্রা শুরু হয় তাদের। প্রথম ম্যাচের মত গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচেও গোলহীন রইলেন ব্রাজিলের ফুটবল সেনসেশন নেইমার। দলের অন্যান্যদের ব্যর্থতায় গোলশুন্য ড্র হয় খেলাটি। ফলাফল পয়েন্ট ভাগাভাগি।
ম্যাচের প্রথম ভালো সুযোগটা পেয়েছিল অবশ্য ইরাক। গোলরক্ষককে ফাঁকি দেওয়া বল লাগে ক্রসবারে। ৪০তম মিনিটে গাব্রিয়েল জেসুসের হেড অল্পের জন্য দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। ব্রাজিলিয়ার স্তাদে নাসিওনাল মানে গারিঞ্চা মাঠে শুরু থেকে আধিপত্য করলেও গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারেননি নেইমার-অগুস্তোরা।
তিন মিনিট পর ভাগ্যের ফেরে গোল বঞ্চিত হয় রিও ডি জেনিরো অলিম্পিকের আয়োজক ব্রাজিল। নেইমারের ফ্রি-কিক রক্ষণে দেয়ালে প্রতিহত হওয়ার পর রেনাতো অগুস্তোর শট ক্রসবারে লাগে।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখে ব্রাজিল। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না তারা। ৭৯তম মিনিটে চিয়াগো মাইয়ার দূরপাল্লার শটে দারুণভাবে কর্নারের বিনিময়ে ফিরিয়ে ইরাককে ম্যাচে রাখেন গোলরক্ষক।
যোগ করা সময়ে গোলের আরেকটি ভালো সুযোগ নষ্ট হয় ব্রাজিলের। গাব্রিয়েলের বাড়ানো বল ধরে ডান দিক থেকে উইলিয়ান ক্রস দিয়েছিলেন গোলমুখে। সামনে ফাঁকা জালেও বল পাঠাতে পারেনি অগুস্তো, মারেন ক্রসবারের ওপর দিয়ে। শেষ পর্যন্ত চেনা মাঠে, চেনা দর্শকের সামনে আরেকটি ড্রয়ের হতাশা সঙ্গী হয়েছে নেইমারদের। আগামী বৃহস্পতিবার গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে সুইডেনের মুখোমুখি হবে ব্রাজিল।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল