‘দ্রুতই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে মোস্তাফিজ’

বিডি নিউজ ৬৪: আগামী বৃহস্পতিবার লন্ডনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে বাংলাদেশ জাতীয় দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের কাঁধে অস্ত্রোপচার করা হবে। ফলে প্রায় পাঁচ/ছয় মাস মোস্তাফিজ খেলার বাইরে থাকবেন বলে মনে করছেন অনেকে। তবে বাংলাদেশ জাতীয় দলের ফিল্ডিং কোচ রির্চাড হ্যালসল মনে করছেন ভিন্নটা। তার মতে অস্ত্রোপচারের পর দ্রুতই মোস্তাফিজ আবার বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত হবেন।

লন্ডনের দক্ষিণ কিংস্টোনের বুপা ক্রোমওয়েল হাসপাতালে মোস্তাফিজের কাঁধের অস্ত্রোপচার হবে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায়। অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের অধীনে এ অস্ত্রোপচার হবে। অস্ত্রোপচার করতে ৩০ থেকে ৪৫ মিনিট সময় লাগলেও বাঁহাতি পেসারের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে মোট সময় লাগতে পারে পাঁচ থেকে ছয় মাস। ফলে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।

আইপিএল মাতিয়ে ইংল্যান্ডের কাউন্টিতে খেলতে যান মোস্তাফিজ। প্রথম ম্যাচে নিজেকে অন্যভাবে তুলে ধরেন এই বাঁহাতি পেস বিস্ময়। কিন্তু দ্বিতীয় ম্যাচে কাঁধের পুরোনো ইনজুরিটা মাথা চাড়া দিয়ে বসে। ফলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সার্জনরা মোস্তাফিজকে অস্ত্রোপচারের পক্ষে রায় দিয়েছেন। তাই বিসিবি মোস্তাফিজের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে।

মোস্তাফিজের ইনজুরি এবং তার ফিরে আসা প্রসঙ্গে ফিল্ডিং কোচ হ্যালসল বলেন, ‘ইংল্যান্ডের কাউন্টিতে প্রথম ম্যাচটি মোস্তাফিজ দারুণ পারফর্ম করেছে। কিন্তু দুঃখজনকভাবে ইনজুরি তাকে থামিয়ে দিয়েছে। যার ফলাফল দ্বিতীয় ম্যাচে ফুটে উঠেছিল। তবে আশার কথা মোস্তাফিজের সঠিক জায়গায় স্ক্যান করানো হয়েছে। সেভাবে তার চিকিৎসা হলে, তাতে চিন্তার কিছু নেই। আশা করি সে দ্রুতই বাংলাদেশের ক্রিকেটে ফিরে আসবে।’

গত মার্চে ভারতে টি২০ বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ৭ অক্টোবর ওয়ানডে সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ম্যাচে নামবে টাইগাররা। মাঝখানের বিরতিটা বেশ লম্বা সময়, প্রায় ৬ মাসের মতো। যদিও মাঝের দুই মাস ঢাকা প্রিমিয়ার লিগ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। তবে ইংল্যান্ড সিরিজ শুরু হতে এখনো দুই মাসের মতো বাকী আছে।

লম্বা সময় বিরতি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। তবে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল এমনটা মানতে নারাজ। তার মতে, বাংলাদেশের জন্য এটি বরং ভালোই হবে।

এ বিষয়ে হ্যালসল বলেন, ‘ছেলেরা সামনের দুই মাস ভালোভাবে প্রস্তুতি নেয়ার সুযোগ পাবে। এটা তো দারুণ হবে ক্রিকেটারদের জন্য। তারা যা চাইবে তাই করতে পারবে অনুশীলনে। আমার মনে হয় এই গ্যাপটা ছেলেদের জন্য ভালই হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *