দ্রুত ব্রিটিশ কাউন্সিল খুলে দেয়া হবে

বিডি নিউজ ৬৪: বাংলাদেশে সাময়িকভাবে বন্ধ থাকা ব্রিটিশ কাউন্সিলের সব শাখা দ্রুত খুলে দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক। তবে কবে নাগাদ খুলে দেয়া হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ জানান নি তিনি।

রোববার (৭ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, ‘আমরা শুধু বিদেশি নাগরিকদের নিরাপত্তার কথা বলেছি না। বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়েও কাজ করছি।’

তিনি আরো বলেন, ‘যেসব ব্রিটিশ নাগরিক বাংলাদেশে ভ্রমণ করবেন তাদেরকে এখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগযোগ রাখতে বলা হয়েছে।’

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেন, ‘আমরা সন্ত্রাস দমনে কি কাজ করছি, কিভাবে এসব মোকাবেলা করছি, এতে কোনো ধরনের সহায়তা লাগবে কি না এসব বিষয় জানতে চেয়েছিলেন হাইকমিশনার অ্যালিসন ব্লেক। আমি তাকে বলেছি আমাদের গোয়েন্দা বাহিনী খুব চৌকস। তাই তারা সন্ত্রাস মোকাবেলা করতে পেরেছে।’

তিনি বলেন, ‘হাইকমিশনারকে বলেছি এই সন্ত্রাসী ঘটনা শুধু বাংলাদেশে ঘটছে না, তোমাদের দেশেও ঘটছে, এটা বৈশ্বিক সমস্যা। তাই আমাদের এক সাথে কাজ করতে হবে। তাহলে দ্রুত সন্ত্রাস দমন করা সম্ভব হবে।’

মন্ত্রী বলেন, ‘হাইকমিশনারকে আরো জানানো হয়েছে, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সন্ত্রাস দমনে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তাই এখন শুধু আমাদের তথ্য আদান-প্রদানে সহায়তা করলেই চলবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাইকমিশনারের কাছে জানতে চেয়েছিলাম, ব্রিটিশ কাউন্সিল কেন বন্ধ করা হয়েছে? তিনি বলেছেন, ভিতরে কিছু কনস্ট্রকশনের কাজ আছে। এগুলো সমাধান করে খুব দ্রুত খুলে দেয়া হবে। তবে পরীক্ষাগুলো নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে।’

দেশে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ করে দেয়া হচ্ছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নেই। যথা সময়ে এসব এসব প্রতিষ্ঠান খুলে দেয়া হবে।’

যেসব পিস স্কুল এখনো বন্ধ হয়নি সেগুলো বন্ধ করে দিতে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *