বিডি নিউজ ৬৪: ইতিহাসের সর্বকনিষ্ঠ নোবেল পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। ২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী এই পাকিস্তানি থাকেন বার্মিংহামে। ইংল্যান্ড সফরে সেখানেই এজবাস্টন ক্রিকেট মাঠে তৃতীয় টেস্ট খেলছে পাকিস্তান দল। এই সুযোগে মালালার সাথে পাকিস্তান দলের দেখা হয়ে গেল। জীবনে প্রথমবারের মতো মালালা মাঠে বসে দেখলেন ক্রিকেট খেলা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ছোট্ট একটি অনুষ্ঠান আয়োজন করে। শনিবারের খেলার পর তা হলো। পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক বিশেষ স্মারক তুলে দিলেন মালালার হাতে। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান ছাড়াও ইংলিশ ক্রিকেটের অনেক বড় কর্তারা উপস্থিত ছিলেন সেখানে।
মালালার চাওয়া আন্তর্জাতিক ক্রিকেট ফিরুক পাকিস্তানে। নিরাপত্তাহীনতার শঙ্কায় ২০০৯ সাল থেকে কোনো আন্তর্জাতিক দল পাকিস্তানে ক্রিকেট খেলতে যায় না। কিন্তু মালালার দাবি, “সারা বিশ্বকে বলতে চাই যে পাকিস্তান একটি নিরাপদ দেশ। সব দলের সেখানে গিয়ে ক্রিকেট খেলা উচিত। বাইরের মানুষ পাকিস্তান সম্পর্কে যা ভাবে তা সত্য না। সন্ত্রাসীরা পাকিস্তানের নয়।”
মালালা হলেন এই বিশ্বের সবচেয়ে আলোচিত টিনএজার। আর তিনি এখন নারীশিক্ষা নিয়ে কাজ করেন। মালালা পরিবারের সাথে থাকতেন পাকিস্তানের সোয়াত উপত্যকায়। লেখালেখি করেন অনেক ছোটোবেলা থেকে। ২০০৯ সালে ১১-১২ বছর বয়সে বিবিসি উর্দু ব্লগে তালেবান অধ্যুষিত এলাকায় তার জীবন ও নারীশিক্ষা নিয়ে লেখা লেখেন। অল্প সময়ের মধ্যে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীতও হন। ২০১২ সালের ৯ অক্টোবর স্কুলবাসে করে যাচ্ছিলেন। এই সময় অস্ত্রধারী বাসে উঠে তাকে তিনটি গুলি করেন। গুরুতর অবস্থায় পরে তাকে বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার পর সুস্থতায় ফেরা অকুতোভয় মালালা এখন বিশ্বের খুব পরিচিত মুখ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল