বিডি নিউজ ৬৪: অলিম্পিকের শহর রিওর রাগবি মাঠে দেখা গেল শচীন টেন্ডুলকারকে। ভারত দলের শুভেচ্ছা দূত হিসেবে তিনি ব্রাজিলে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির প্রেসিডেন্ট থমাস বাচের সাথে বসে দেখেছেন অলিম্পিকে রাগবির ফেরা। শনিবার মাঠে টেন্ডুলকারের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে অলিম্পিকে ক্রিকেটের অনুপস্থিতির অভাবের কথা।
রিও অলিম্পিকের প্রথম দিনে রাগবি মাঠে নিজের উপস্থিতির খবর জানিয়ে টেন্ডুলকার নিজেই টুইট করেছেন। জানিয়েছেন, আইওসি প্রধানের সাথে বসে খেলা দেখাটা অন্যরকম অনুভূতির ছিল। তবে টেন্ডুলকার নিশ্চয়ই ক্রিকেটের অলিম্পিকে ফেরা নিয়ে আলাপ করেছেন!
৯২ বছর পর অলিম্পিকে ফিরেছে রাগবি। ছোটো সংস্করণে। ১১৬ বছর আগে ১৯০০ প্যারিস অলিম্পিকে ক্রিকেট খেলা হয়েছিল। ওই একবারই। তারপর ক্রিকেট উধাও। টেন্ডুলকার ও ক্রিকেটপ্রেমীরা অলিম্পিকে রাগবির ফেরা থেকে প্রেরণা নিতে পারেন।
১৯০৪ সেন্ট লুইস অলিম্পিকে ছিল গলফ। ১১২ বছর পর রিওর অলিম্পিক দিয়ে গেমসে ফিরেছে খেলাটি। ২০২০ টোকিও অলিম্পিকে বেসবল ও সফটবলের খেলা হবে। ইতালি বলেছেন, পরের অলিম্পিকটা তারা আয়োজনের দায়িত্ব পেলে ক্রিকেট রাখবে।
ওয়ার্ল্ড রাগবির প্রধান নির্বাহী ব্রেট গসপারের কথা শুনে বোঝা যাচ্ছে অলিম্পিকে প্রিয় ক্রিকেটকে দেখার বিশেষ আগ্রহ আছে টেন্ডুলকারের। গসপার বলেছেন, “শচীন পুরো সময় ধরে খেলা দেখেছেন। ৯২ বছর এই খেলার অলিম্পিকে ফেরা নিয়ে খোঁজখবর করেছেন। ক্রিকেটের কারণেই সম্ভবত তার এই আগ্রহ।” অলিম্পিকে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়ে ক্রিকেটের প্রতিনিধির কাজটা সেরে ফেলছেন বিশ্ব ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান টেন্ডুলকার।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল