বিডি নিউজ ৬৪: পৌরসভা ঘোষিত হবার দীর্ঘ ১৫ বছর পর প্রথমবারের মতো বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে এই ভোটগ্রহণ চলছে। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
এ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের শহীদুল বারী খান রব্বানী, ধানের শীষ প্রতীকে বিএনপির এটিএম গোলাম রকিব এবং নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নু। এছাড়াও সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে ৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর (নারী) পদে ১২ জন প্রার্থী ভোটযুদ্ধে নেমেছেন। পৌরসভার মোট ভোটার ১৭ হাজার ১৩৮ জন।
উল্লেখ্য, ২০০১ সালের ২৬ এপ্রিল সোনাতলা পৌরসভা ঘোষণা করা হয়। ১২.৩৭ বর্গকিলোমিটার আয়তন নিয়ে গঠিত তৃতীয় শ্রেণির এ পৌরসভায় পদাধিকার বলে প্রথম পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খলিলুর রহামান। পরে রাজনৈতিক বিবেচনায় সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির ২০০১ সালের শেষের দিকে প্রশাসকের দায়িত্ব পান। ২০০৮ সালের ১৯ আগস্ট পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। এরপর থেকে পদাধিকার বলে দায়িত্ব পালন করছেন ইউএনও। মামলা সংক্রান্ত জটিলতার কারণে এতোদিন নির্বাচন হয়নি। গত ২৭ জুন নির্বাচন কমিশন সোনাতলা পৌরসভায় ভোটগ্রহণের তফসিল ঘোষণা করে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল