বগুড়ায় চাঁদা দাবি করে কলেজশিক্ষককে হত্যার হুমকি

বিডি নিউজ ৬৪: বগুড়ার দুপচাঁচিয়ায় এক কলেজশিক্ষককে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এর আগে মোবাইল ফোনে ওই শিক্ষকের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুরে দুঁপচাচিয়া থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করা হয়েছে।

হুমকির শিকার ওই শিক্ষকের নাম মিজানুর রহমান। তিনি দুপচাঁচিয়া জাহানারা কামরুজ্জামান কলেজের পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক ও দুপচাঁচিয়া থানার উনাহত সিংড়া গ্রামের বাসিন্দা।

লিখিত অভিযোগ থেকে জানা যায়, আজ শনিবার সকালে কে বা কারা প্রভাষক মিজানের বাড়িতে একটি চিঠি ফেলে রেখে যায়। ওই চিঠিতে বলা হয়, দাবি করা টাকা না দিলে তাকে হত্যা করা হবে। আরো লেখা রয়েছে, আলামত হিসেবে তার বাড়িতে বোমা রাখা হয়েছে। পরে তিনি বাড়ির দেয়ালের ওপর একটি লাল রঙের বোমা সদৃশ্য কৌটা দেখতে পান। এরপরে বিষয়টি তিনি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমা সদৃশ্য কৌটাটি উদ্ধার করে। পরে পুলিশ দেখতে পায় উদ্ধারকৃত বস্তুটি একটি খালি প্লাস্টিকের কৌটা।

অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে দুপঁচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এর আগে যে নাম্বার থেকে চাঁদা দাবি করা হয়েছিল ওই নাম্বার ধরে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে পহেলা আগস্ট মোবাইল ফোনে মিজানুর রহমানের কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। টাকা না পেলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। তবে ওই হুমকির বিষয়টি গুরুত্ব না দিয়ে চেপে যান। আজ শনিবার দ্বিতীয় দফায় তাকে হত্যার হুমকি দিলে তিনি থানায় অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *