বিডি নিউজ ৬৪: রাজবাড়ীতে পদ্মায় ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ একই পরিবারের তিনজনসহ ছয় যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে তাদের লাশ পাওয়ার পর এ অভিযান শেষ হয় বলে জানান ডুবুরি দলের রাজশাহী ফায়ার সার্ভিসের লিডার মো. নুরুন্নবী।
নিহতরা হলেন হালিমন (৫০), হালিমনের মেয়ে ফরিদা আক্তার (৩০), হালিমনের ননদ মোছাম্মৎ বেগম (২০), রাজু (৪), রাহুল (৬) ও দুলাল (৩৬)। এদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার চর রামনগর এবং দুই শিশু ও দুলালের বাড়ি কালুখালী উপজেলার আলেকদিয়া গ্রামে।
এ ব্যাপারে কালুখালী থানার এসআই হারুন আহমেদ জানান, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় স্বজনদের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরো জানান, রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা এবং পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক জিনাত আরা।
এ ছাড়াও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছেন রাজবাড়ী সংসদ সদস্য কাজী কেরামত আলী, মো. জিল্লুল হাকিম এবং সংরক্ষিত আসনের কামরুনাহার চৌধুরী লাভলী।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যায় ২০/২২ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা হরিণবাড়ীয়া থেকে পাংশা উপজেলার হাবাসপুর যাচ্ছিল। পথিমধ্যে প্রবল স্রোতে নৌকাটি ডুবে গেলে অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও একই পরিবারের তিনজনসহ ছয়জন নিখোঁজ হন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল