বিডি নিউজ ৬৪: শতবর্ষী কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে লিওনেল মেসি শিরোপা এনে দিতে না পারার জন্য কোচ জেরার্ডো মার্টিনোর কৌশলকে দুষলেন নতুন কোচ এদগার্দো বাউজা। তার মতে, চিলির বিপক্ষে ফাইনাল ম্যাচে মেসিকে একা করে রাখা হয়েছিল।
গত জুনে কোপা আমেরিকায় হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মেসি। মাত্র ২৯ বছর বয়সে জাতীয় দল থেকে বিদায় নেয়ায় অনেকেই অবাক হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট থেকে শুরু করে সবাই মেসিকে ফিরতে অনুরোধ করেছেন।
আর্জেন্টিনার ব্যর্থতার পর কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন মার্টিনো। তার জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে বাউজাকে। নতুন দায়িত্ব পাওয়ার পর মেসিকে ফেরাতে তৎপরতা শুরু করেছেন তিনি। জানিয়েছেন, এই সপ্তাহে মেসির সঙ্গে কথা বলতে বার্সেলোনায় যাবেন তিনি।
চিলির বিপক্ষে মেসির খেলার বিষয় নতুন কোচ বাউজা বলেন, ‘আমরা দেখেছি চিলির বিপক্ষে মেসিকে একা ছেড়ে দেয়া হয়েছিল। তার সামনে চার জন খেলোয়াড় ছিল। ওই ম্যাচে সে অনেক কষ্ট করেছিল। কিন্তু খেলা বের করতে তার সমস্যা হয়েছিল। ধারণাটা এমন ছিল যে খেলা সে একাই চালিয়ে নিবে।’
তিনি আরো বলেন, ‘মেসি তিনটি পজিশনে খেলেছেন। সেন্ট্রাল ফরোয়ার্ড, লিটল ডিপার ও গার্দিওলা তাকে ডান পাশেও খেলিয়েছিলেন। মূল লক্ষ্য ছিল, সে যেখান থেকে খেলা পরিবর্তন করবে সেখানে রাখা। আর এই জন্য দলের অন্য খেলোয়াড়দের সহযোগিতা দরকার। আমরা শুধু মেসির উপর নির্ভর করতে পারি না।’
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল