‘রক্ত দেব তবু মাঠ দেব না’

বিডি নিউজ ৬৪: ‘রক্ত দেব তবু মাঠ দেব না’ স্লোগানে বিক্ষোভ করছে সুনামগঞ্জের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা।
শনিবার সকালে জেলা শহরের উকিলপাড়াস্থ বিদ্যালয়টির ক্যাম্পাস থেকে নিজেদের খেলার মাঠ রক্ষার দাবি জানিয়ে সড়ক অবরোধ করে তারা। পরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

শহরের আলফাত স্কয়ার এলাকায় তারা সড়কে বসে অবস্থান নেয়। তাদের দাবি সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের প্রশাসনিক পরিকল্পনা বাতিল করতে হবে। আন্দোলন কর্মসূচিতে যোগ দিয়েছে বিদ্যালয়টির সাবেক ছাত্ররাও।

ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের খেলার মাঠে জেলা পরিষদ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভাষা শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। সম্প্রতি জেলা পরিষদ প্রশাসক ব্যরিস্টার এম এনামুল কবির ইমন ও জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর থেকেই বিদ্যালয়ের খেলারমাঠ রক্ষার আন্দোলনের ডাক দেয় জুবিলিয়ানরা। শনিবার তাদের কর্মসূচিতে কয়েকশতাধিক ছাত্ররা অংশ নেয়।

এদিকে, মাঠে শহিদ মিনার নির্মিত হলে জুবিলির ছাত্রদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *