মওদুদের বাড়ি নিয়ে রিভিউ করবে দুদক

বিডি নিউজ ৬৪: বাড়ি ছাড়ার বিষয়ে কেবল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদই নয়, আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জানাবে দুর্নীতি দমন কমিশনও (দুদক)। আজ শনিবার এমনটাই জানিয়েছেন এ মামলায় দুদকের কৌসুলি খুরশীদ আলম খান। তিনি বলেন, উইদিন ফিফটিন ডেইস, আমরাও রিভিউ করবো।

গত ০২ আগস্ট দেওয়া রায়ে মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বাড়ি আত্মসাতের মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে গুলশান-২ এর ১৫৯ নম্বর প্লটের বাড়িটির মিউটেশন (নামজারি) মওদুদ আহমদের ভাই মনজুর আহমদের নামে করার জন্য হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেছেন।

খুরশীদ আলম খান  বলেন, দুদকের মামলা বাতিল করে আপিল বিভাগ যে রায় দিয়েছেন, তা পুনর্বিবেচনার আবেদন করবে দুদক। কারণ, আমাদের মামলা বাতিল করাটা আইনসম্মত হয়নি। এ কারণে আমরা রিভিউ আবেদন জানাবো আপিল বিভাগের কাছে। এরপর আদালত  যে সিদ্ধান্ত দেন সেটা মেনে নেবো। তিনি বলেন, আমরা অলরেডি রায় পুনর্বিবেচনার আবেদনের কাজ শুরু করে দিয়েছি। ২০১৩ সালের ১৭ ডিসেম্বর বাড়িটি নিয়ে দুদকের উপ-পরিচালক হারুনুর রশীদ রাজধানীর গুলশান থানায় মওদুদ আহমদ ও তার ভাই মনজুর আহমদের বিরুদ্ধে মামলা করেন।

২০১৪ সালের ১৪ জুন এ মামলায় অভিযোগ আমলে নেন বিচারিক আদালত। এর বিরুদ্ধে তাদের আবেদন গত বছরের ২৩ জুন খারিজ করে দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন মওদুদ আহমদ। এ আবেদনের শুনানি শেষে ০২ আগস্ট আপিল বিভাগ মামলাটি বাতিল করে রায় দেন। এ মামলার পূর্ণাঙ্গ রায় ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *