মানিকগঞ্জে বন্যার্তদের পাশে সেতুমন্ত্রী

বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যা চলাকালে ও বন্যা পরবর্তী পুনর্বাসনের অংশ হিসেবে মানিকগঞ্জে বন্যার্ত ও নদী ভাঙনকবলিতদের ত্রাণ বিতরণ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে শিবালয়ে আরিচা বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৫ শ বন্যার্ত মানুষকে এই ত্রাণ বিতরণ করা হয়। প্রত্যেককে ৪ কেজি চাল, ১ কেজি আলু, আধাকেজি করে ডাল-চিনি-চিড়া-তেল, খাবার স্যালাইল ও নগদ এক শ টাকা প্রদান করা হয়।

মন্ত্রী বলেন, ভাঙনকবলিত প্রত্যেক পরিবারকে ঘরবাড়ি তৈরি করে দিয়ে পুনর্বাসন করা হবে। আমরা মুখে নয় অন্তর দিয়ে দেশকে ভালোবাসি। শোকের মাসে ভাঙনকবলিত যে সকল মানুষ বিপদে আছে তাদের সাহায্য করলে বঙ্গবন্ধুর আত্মা কবরেও শান্তি পাবে। বিএনপি সরকারকে বলে নির্বিকার, অথচ তারা নিজেরাই নির্বিকার। বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, বন্যাকবলিত মানুষের ভাগ্য নিয়ে রাজনীতি করবেন না। কিছু না দিতে পারলেও তাদের পাশে এসে দাঁড়ান।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এমপি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সফিউল আরেফিন টুটুল, স্থানীয় সংসদ সদস্য এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক রাশেদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *