অলিম্পিক আর্চারিতে বাংলাদেশের শ্যামলী ৫৩তম

বিডি নিউজ ৬৪: বাংলাদেশের প্রমীলা তীরন্দাজ শ্যামলী রায় ব্রাজিলের রিও অলিম্পিকসের আর্চারি বিভাগের র‍্যাংকিং -এ ১১ জনকে পেছনে ফেলে ৫৩তম অবস্থান নিশ্চিত করেছেন। গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই আর্চারিতে মেয়েদের ব্যক্তিগত র‍্যাংকিং রাউন্ডের প্রতিদ্বন্দ্বিতায় নামতে হয় শ্যামলী রায়কে। সেখানে ৫৩ অবস্থানে থাকা শ্যামলীর স্কোর ৬০০।

এই পর্বের নাম র‍্যাংকিং রাউন্ড। এখানে র‍্যাংকিং-এ থাকা ৬৪ জনের মধ্য থেকে কোয়ালিফাই হবেন ৩২ জন। আর বুধবার রাউন্ড অব থার্টি টু অর্থাৎ বত্রিশে ওঠার লক্ষ্যে এলিমিনেশনস রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন শ্যামলী। সেরা ৩২ জনকে নিয়ে আবার প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হবে ১৬ জনকে। সেই ১৬ জনকে নিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল। আর্চারির র‍্যাংকিং এ শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার চোই মি সান। এবারই প্রথমবার অলিম্পিকে খেলতে গেছেন শ্যামলী। ওয়াইল্ড কার্ডের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন তিনি।

বাংলাদেশের অ্যাথলেটদের কখনোই অলিম্পিক গেমসে পদক পাওয়ার নজির নেই। ঢাকা ছাড়ার আগে বাংলাদেশের এই তীরন্দাজ শ্যামলী এক সাক্ষাৎকারে বলেছিলেন, অলিম্পিকসে পদক পাবেন এমনটা তিনি আশা করতে না পারলেও, সেরা খেলাটাই খেলে আসতে চান। সেই সাথে র‍্যাংকিং-এ বাংলাদেশেকে সামনে নিয়ে যাওয়ার লক্ষ্যের কথাও জানিয়েছিলেন তিনি। ব্রাজিলের রিওতে এবারের অলিম্পিকের আসরে অংশ নিচ্ছেন ২০৬টি দেশের ১১ হাজারের বেশি ক্রীড়াবিদ। এর মধ্যে গেমসের পাঁচটি ইভেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের সাতজন ক্রীড়াবিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *