বিডি নিউজ ৬৪: রাজবাড়ীর কালুখালীর পদ্মায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছয়জনের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এদর মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছে। আজ শনিবার সকাল ৭টার দিকে হরিণবাড়ি বাজার সংলগ্ন সেতুর দুই কিলোমিটার দূর থেকে ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় তাদের লাশ উদ্ধার করা হয়।
যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন হালিমন, ফরিদা এবং রাজু। তাদের বাড়ি কালুখালী এলাকায়।
নিখোঁজদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। তারা পাংশা থানার চর রামনগর এবং কালুখালী থানার আলেকদিয়া গ্রামের বাসিন্দা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় আনুমানিক ২০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার উপজেলার হরিণবাড়ি থেকে সাদারচর যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কালুখালীতে পদ্মার প্রবল স্রোতের মধ্যে হরিণবাড়ি বাজার সংলগ্ন একটি সেতুর নিচে ট্রলারটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে উঠে আসলেও ছয়জন নিখোঁজ হয়। কালুখালি থানার ওসি নূরে আলম ফরিক এসব তথ্য জানিয়েছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল