বিডি নিউজ ৬৪: অলিম্পিকের আর্চারিতে শুরুটা ভালো করতে পারেননি বাংলাদেশের তারকা শ্যামলী রায়। নিজের সেরা স্কোরের চেয়ে কম স্কোর করলেন তিনি।
ব্রাজিলের রিও ডি জেনিরোতে শুক্রবার মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের র্যাংঙ্কিং রাউন্ডে ৭২০-এর মধ্যে ৬০০ স্কোর গড়েন শ্যামলী। ২০১৫ সালে ব্যাংককে এশিয়ান চ্যাম্পিয়নশিপে গড়া ৬১৮ স্কোর তার সেরা।
র্যাংকিং রাউন্ডে ৭০ মিটার দূর থেকে ৭২টি তির ছোঁড়েন প্রতিযোগীরা। প্রতিটি তিরে সম্ভাব্য সর্বোচ্চ স্কোর ১০। র্যাংকিং রাউন্ডে কেউ বাদ যায় না। এই রাউন্ডে পরের রাউন্ডে কে কার সঙ্গে লড়বে তা ঠিক হয়।
র্যাংকিং রাউন্ডে ৬৪ জনের মধ্যে ৫৩তম হওয়ায় পরের পর্বটা বেশ কঠিনই হবে শ্যামলীর জন্য। আগামী বুধবার বাংলাদেশ সময় রাত ১২টা ৩৯ মিনিটে দ্বাদশ স্থান পাওয়া মেক্সিকোর গাব্রিয়েলা বায়ার্দোর সঙ্গে তিনি লড়েবেন সেরা বত্রিশে ওঠার এলিমিনেশনস রাউন্ডে। র্যাংকিং রাউন্ডে কোরিয়ার মিসুন চই ৬৬৯ স্কোর করে প্রথম হয়েছেন।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল