বিডি নিউজ ৬৪: ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর। এখন থেকে আর সুটকেস বহন করে বেড়াতে হবে না। আপনার সুটকেস আপনাকে অনুসরণ করে পথ চলবে। এমনকি আপনি যদি ভুল করেও সুটকেসটি গাড়িতে ফেলে যান, আপনার হাতের স্মার্টওয়াচটি আপনাকে জানিয়ে দেবে সুটকেসটি গাড়িতে রয়ে গেছে।এমনি একটি সুটকেস প্রযুক্তি বাজারে আসছে শিগগিরই।
যুক্তরাষ্ট্র, সান ফ্রান্সিসকো, শেনজেন এবং সাংহাই শহরে রয়েছে রোবটনির্মাতা প্রতিষ্ঠান কোয়ারোবটের (cowarobot) কার্যালয়। নতুন এই সুটকেসটির নাম কোয়ারোবট ১। এটি একটি রোবোটিক সুটকেস।
আপনি হাটছেন। আপনার সুটকেসটিও আপনার সঙ্গে এগিয়ে চলছে। আপনি দাঁড়িয়ে গেলে সুটকেসটিও দাঁড়িয়ে যাবে। আবার সামনে কোন বাধা পড়লে স্মার্ট আইসের সাহায্যে সেই বাধাও অতিক্রম করবে এই স্মার্ট ডিভাইসটি। পাওয়ার ব্যাংকের সাহায্যে এই সুটকেসটিকে চার্জ দেয়া যাবে। আবার প্রয়োজনে সুটকেসের পাওয়ার ব্যাংক ব্যবহার করে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন। এই সুটকেসের সঙ্গে রয়েছে একটি স্মার্টওয়াচ।
স্মার্টওয়াচটি দিয়েই সুটকেস লক বা আনলক করতে হবে। সে হিসেবে আপনার সুটকেসের নিরাপত্তাও থাকবে শতভাগ। স্মার্টলক ছাড়াও এই সুটকেসে সিকিউরিটি অ্যালার্ম এবং জিপিএস লোকেটর রয়েছে। তাই সুটকেসটি হারিয়ে গেলে অ্যালার্ম দিয়ে আপনাকে সতর্ক করবে। তারপরেও যদি হারিয়ে যায় জিপিএস লোকেটর ব্যবহার করে সহজেই সুটকেসটি খুঁজে পাওয়া যাবে।
কালো, নীল, গোলাপী এবং রুপালী রঙে সুটকেসটি পাওয়া যাবে। সুটকেসটির মূল্য ৭০০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশী মুদ্রায় ৫৪ হাজার ৬০০ টাকা।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল