বিডি নিউজ ৬৪: নিজেদের মাটিতে খেলা। সোনা জয়ের মিশন। কিন্তু প্রথম ম্যাচের পারফরম্যান্সে ব্রাজিল দল ও তাদের অধিনায়ক নেইমারের কপালে জুটলো স্বদেশী সমর্থকদের দুয়ো ধ্বনী। বৃহস্পতিবার এবারের অলিম্পিক গেমসে নিজেদের প্রথম ম্যাচে নেইমারের দল ০-০ ড্র করেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। একই দিনে সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে পর্তুগাল। পর্তুগালের সিনিয়র দল ইউরো জিতেছে সম্প্রতি। তরুণ দল এখন সেই সাফল্যে উজ্জীবীত।
অলিম্পিক গেমসে কখনো ফুটবলের সোনা জেতেনি ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নেইমারের কাঁধে সেই ভার। কিন্তু ১০ জনের দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষেও আসরের প্রথম ম্যাচে জেতা হয়নি তাদের। ব্রাসিলিয়ায় খেলা আধ ঘণ্টা পেরোতেই লাল কার্ড দেখলেন মোথোবি মাভালা। কিন্তু শেষ বাঁশির দিকে সময় এগিয়ে যেতে বিরক্ত ব্রাজিলিয়ানরা তাদের দলকে দিয়েছে দুয়ো।
নেইমার নিজেও মানতে পারছেন না এই ফল। “আমাদের জন্য ড্র হারের সমান।” ব্রাজিল অধিনায়ক বলেছেন, “আমরা জিততে নেমেছিলাম। সবাই নিজের দায়িত্ব জানি। কাজটা সহজ না। মাঠে নেমেই সোনা জিতে নেওয়া যায় না।”
গ্রুপ ‘এ’তে ব্রাজিল। এই গ্রুপের ইরাক ও ডেনমার্ক ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য ভাবে। অন্য ম্যাচগুলোতে দর্শক হয়নি। কিন্তু নেইমাররা বড় দর্শক পেয়েছিলেন। তার মনে হচ্ছে আসরের প্রথম ম্যাচ খেলার যে অস্বস্তি থাকে তাতে ভুগেই এই ফল দলের। নেইমার অবশ্য প্রথমার্ধেই দুইবার কাঁপিয়ে দিয়েছিলেন আফ্রিকানদের। বার্সেলোনা ফরোয়ার্ডকে অসাধারণ দক্ষতায় রুখেছেন গোলকিপার ইতুমেলেং খুনে।
খুনের কারণেই আসলে বঞ্চিত ব্রাজিল। এবং এই ম্যাচকে সারা জীবন মনে রাখবেন তিনি। নাতি-নাতনিকে গল্প করবেন। “আমার পারফরম্যান্সে আমি খুব খুশি। চিহ্ন রাখতে পারলাম।” খুনে বলেছেন, “আমার নাতি-নাতনিরা নিশ্চয়ই এই ম্যাচের ডিভিডি দেখবে।” দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু পরে ম্যানচেস্টার সিটিতে ২৭ মিলিয়ন পাউন্ডে যোগ দেওয়া গ্যাব্রিয়েল জেসাস হুমকি হয়েছেন। গোল করতে পারেননি। নেইমারও গোলের সুযোগ মিস করেছেন। সব মিলিয়ে হতাশাই নিয়েই প্রথম ম্যাচ শেষ করতে হয়েছে অলিম্পিকের স্বাগতিকদের।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল