বিডি নিউজ ৬৪: জুন মাসের তুলনায় জুলাই মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে শূন্য দশমিক আট শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ১ দশমিক ৪ শতাংশ। অন্য মাসগুলোতে খাদ্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী ছিল। বিশেষ করে ভোজ্যতেল, মাংস, দুধ ও চিনির দাম বাড়তি ছিল। বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার (এফএও) ফুড প্রাইস ইনডেক্স থেকে এ তথ্য জানা গেছে।
এফএও’র প্রতিবেদনে পণ্যের দাম নির্দিষ্ট কিছু সূচক দিয়ে হিসাব করা হয়। এ ক্ষেত্রে পয়েন্টের দিক থেকে খাদ্যপণ্যের দাম জুলাইয়ে দাঁড়িয়েছে ১৬১. ৯ পয়েন্ট, যা জুনে ছিল ১৬৩ দশমিক ২ পয়েন্ট। কমেছে ১ দশমিক ৩ পয়েন্ট।
সংস্থাটি বলছে, জুনের তুলনায় জুলাইয়ে দানাদার শস্যের ক্ষেত্রে দাম কমেছে ৫ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে গত বছরের একই সময়ের তুলনায় কমেছে ১১ শতাংশ। দেখা যায়, ভুট্টা ও দানাদার খাদ্যপণ্যের দাম কমেছে। কারণ হিসেবে বলা হয়েছে এসব শস্যের সরবরাহ বেড়েছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন ভালো হয়েছে।
তবে ভোজ্যতেলের দাম জুলাই মাসে জুনের তুলনায় বেড়েছে ২ দশমিক ৮ শতাংশ। পামওয়েলের দাম গত ৫ মাসের তুলনায় কমেছে। দুগ্ধজাত খাদ্যের দাম জুনের তুলনায় জুলাইয়ে বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ। মাংসের দাম বেড়েছে জুনের তুলনায় ১ দশমিক ৩ শতাংশ। চিনির দাম বেড়েছে জুনের তুলনায় ১ শতাংশ।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল