বিডি নিউজ ৬৪: অলিম্পিক ফুটবলে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে এবার মাঠে নেমেছে ব্রাজিল। দেশটির সেরা তারকা নেইমার তাদের ভরসা। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে দলটি। বৃহস্পতিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে।
ব্রাসিলিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ১০ জনের দলে পরিণত হয়েছিল। তারপরও তাদেরকে পরাস্ত করতে পারেননি নেইমার ও সতীর্থরা।
নেইমারকে নেতৃত্ব দিয়ে মাঠে নামিয়েছেন ব্রাজিল দলের প্রধান কোচ রোজেরিও মাইকেল। তার সঙ্গে আক্রমণভাগে ছিলেন উদীয়মান তারকা গ্যাব্রিয়েল বারবোসা ও ম্যানচেস্টার সিটির নতুন তারকা গ্যাব্রিয়েল জেসাস। কিন্তু মান গ্রিনিচা স্টেডিয়ামে তারা দক্ষিণ আফ্রিকার জালের সন্ধান পাননি।
ম্যাচের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকা দাপট দেখিয়েছিল। লেবো মুথিবা দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। কিন্তু ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। যদিও একটি গোলও করতে পারেনি স্বাগতিকরা।
বিরতির পর দারুণ সুযোগ আসে ব্রাজিলের কাছে। ৫৬ ও ৫৯ মিনিটে পর পর দুটি হলুদ কার্ডের সঙ্গে লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মুথুবি ভালা। ফলে ১০ জনের দলে পরিণত হয় আফ্রিকার দলটি।
এরপর নেইমার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। ২০ গজ দূর থেকে শট নিয়ে লক্ষ্যভেদ করতে পারেননি। তার কিক করা বল জালের উপর দিয়ে চলে যায়। ফলে ০-০ ড্র নিয়ে অলিম্পিক মিশন শুরু করে ব্রাজিল।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল