বিডি নিউজ ৬৪: প্রায় ৪০ হাজার টাকার গাঁজার গাছ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ। সেইসঙ্গে গাঁজার চাষাবাদ করায় সোহরাব আলী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলার সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ গাঁজার গাছসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সোহরাব আলী ওই এলাকার মৃত নওজেস খাঁর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদর উপজেলা হাড়িভাসা এলাকার ডাঙ্গাপাড়ায় সোহরাব আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ সোহরাবের বাড়ির পাশেই ছোট্ট এক গাঁজার বাগানের সন্ধান পায়। পরে বাগানের সবগুলো গাছ কেটে থানায় নিয়ে আসে। এ সময় গাজার চাষাবাদকারী সোহরাব আলীকেও আটক করা হয়।
সে গোপনে গাজার চাষাবাদ করে আসছিল। জব্দ করা অবৈধ ৮টি গাঁজার গাছের বর্তমান বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল