চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা

বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি প্রবাসী ও নিরীহ লোকদের হত্যাকারীসহ বাংলাদেশে গড়ে ওঠা চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন।
আন্তর্জাতিক বিষয়ক আমেরিকার প্রবীন ও বিশিষ্ট থিংক ট্যাংক এবং কার্নেগী এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর প্রেসিডেন্ট উইলিয়াম জে. বার্নস’র সঙ্গে বুধবার সাক্ষাতকালে মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন একথা বলেন।
আজ এখানে প্রাপ্ত এক বার্তায় জানা যায়, রাষ্ট্রদূত বার্নস ২০১৪ সালে ৩৩ বছরের কূটনৈতিক কর্মজীবন শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসর গ্রহণ করেন। তিনি ফরেন সার্ভিসের কর্মজীবনে রাষ্ট্রদূতের মধ্যে সর্বোচ্চ পদে ছিলেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন সব ধরনের সন্ত্রাস, সহিংস চরমপন্থার বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথাসহ দেশের মাটিতে গড়ে ওঠা মৌলবাদী ও চরমপন্থীদের দমন করতে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা কার্নেগী প্রেসিডেন্টকে জানান।
তিনি আধুনিক মাদরাসা শিক্ষা ও নারীর ক্ষমতায়নের পাশাপাশি বাংলাদেশ-মার্কিন গোয়েন্দা সহযোগিতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদের শিকড় নির্মূলে সরকারের দীর্ঘমেয়াদী কৌশলের কথাও জানান।
জিয়াউদ্দিন প্রধানমন্ত্রীর পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার বিয়োগান্তক অতীত, বিএনপি-জামায়াত জোট শাসনামলে (২০০১-২০০৬) সহিংস চরমপন্থার উত্থান এবং শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টার কথাও জানান।
সন্ত্রাসবাদ মোকাবেলা করার কথা উল্লেখ করার পাশাপাশি নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন এবং আমেরিকান বাজারে শুল্কমুক্ত-কোটামুক্ত প্রবেশাধিকারসহ ঢাকা-ওয়াশিংটনের দ্বিপক্ষীয় বিভিন্ন দিক সম্পর্কে তুলে ধরেন বাংলাদেশের রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত বার্নস’কে বিস্তারিত অবহিত করার জন্য জিয়াউদ্দিনকে ধন্যবাদ জানান তিনি। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন কনস্যুলার (রাজনৈতিক) তৌফিক হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *