পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে নারীসহ আহত ৬

বিডি নিউজ ৬৪: পঞ্চগড়ে জমির দখল নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরি ও লাঠির আঘাতে ৬ জন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলার বোদা উপজেলার বেংহাড়ী বনগ্রাম ইউনিয়নের নতুনবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ওই এলাকার কৃষক শামসুদ্দীন (৫৫), তার স্ত্রী হাসিনা বেগম (৫০), তার ছেলে জাহাঙ্গীর আলম (৪৫), জামাতা আমজাত হোসেন (৪০), মেয়ে শামীমা আক্তার লিপি (১৪) ও তার নাতনি জাকিয়া আক্তার (১৫)।

আহত শামসুদ্দীনের মাথা শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির একাধিক আঘাত লাগায় প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় শামসুদ্দীন তার পৈত্রিক সূত্রে পাওয়া ৫১ শতক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছিলেন। সম্প্রতি রমিজ উদ্দিন নামে এক ব্যক্তি হঠাৎ জমিটি তাদের বলে দাবি করে বসে। এরই মধ্যে শামসুদ্দীন তার ওই পৈত্রিক জমিতে গাছের চারা রোপন করেন। কিন্তু বৃহস্পতিবার সকালে রমিজ উদ্দিন তার ভারাটে লোকজন নিয়ে হঠাৎ জমির গাছ উপড়ে ফেলতে যায়। এ সময় শামসুদ্দীন ও তার ছেলেরা বাধা দিলে তাদের ছুরি ও লাঠি দিয়ে জখম করে ছাবিরুলের লোকজন। এমনকি তারা কয়েকজন কিশোরীর শ্লীলতাহানীর চেষ্টা করে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলার প্রস্তুতিও চলছে বলে আহতদের পরিবার সূত্র জানা গেছে।

বেংহাড়ী বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, ওই বিরোধীয় জমিটি উভয় পক্ষ দাবি করায় ইউনিয়ন পরিষদে বিষয়টি বিচারাধীন রয়েছে। কিন্তু তারা বিচারাধীন থাকা অবস্থায় নিজেরা মারামারি করেছে। তাই আমি তাদের থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *