পাকিস্তানে কী বলবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী?

বিডি নিউজ ৬৪: বুধবার সার্ক সম্মেলনে যোগ দিতে পাকিস্তান যান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারত-পাক সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের জেরে দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলাদা করে কোনো দ্বিপাক্ষিক বৈঠক হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

অবশ্য ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক আগেই জানিয়েছিল, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন না তারা।

তবে বৈঠকে ভারতে সন্ত্রাস এবং তাতে পাকিস্তানের মদদের ইস্যু যে তোলা হবে তা ইতিতোমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। লস্কর-এ-তইবা, জইশ-এ-মহম্মদের মতো জঙ্গিগোষ্ঠীগুলিতে মদদ দেয়া বন্ধ করতে হবে ইসলামাবাদকে— এ বক্তব্যও তুলে ধরতে পারেন রাজনাথ সিং।

এমন একটি সময়ে রাজনাথ সিংয়ের এই সফর, যখন কাশ্মীর জ্বলন্ত ইস্যু। আর এ অবস্থায় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ইসালামাবাদে গেলেন রাজনাথ।

সেনা অভিযানে জঙ্গিনেতা বুরহান ওয়ানির মৃত্যু নিয়ে পাকিস্তানের একের পর এক উস্কানিমূলক মন্তব্য অশান্তির আগুনে ঘি ঢেলেছে। খোদ পাক প্রধানমন্ত্রীও একের পর এক বিবৃতি দিয়েছেন কাশ্মীর প্রসঙ্গে। পাল্টা জবাব দিয়েছে দিল্লিও।

তবে আজ সার্কভুক্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রীরা দেখা করবেন নওয়াজ শরিফের সঙ্গে। কথা হবে দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা, ক্রমবর্ধমান জঙ্গি হামলার নানা দিক নিয়ে। ভারতের তরফ থেকে ৩–৪ স্তরের বিশেষ আবেদনও রাখা হবে সার্কের আলোচনায়। কিভাবে উপমহাদেশকে সন্ত্রাসবাদী হামলা থেকে সুরক্ষিত রাখা যায়, তা নিয়ে কথা বলবেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা।

সবকিছু মিলিয়েই তাই রাজনাথের এই সফরের দিকে নজর রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *