অক্ষয়-ঋত্বিকের দিনে মুখ খুলবে ধোনি

বিডি নিউজ ৬৪: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আসছে ১২ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের আলোচিত দুই সিনেমা। একটি ঐতিহাসিক কাহিনী নির্ভর এবং বলিউড সুপারস্টার ঋত্বিক রোশান অভিনীত ‘মাহেঞ্জো দারো’, আর অন্যটি সত্যকাহিনীর উপর ভিত্তি করে নির্মিত অক্ষয় কুমারের ‘রুস্তম’।

ঋত্বিক-অক্ষয়ের লড়াইয়ের দিনে এবার বাড়তি আগ্রহ জাগিয়েছে ভারতের জাতীয় দলের ক্রিকেটার মাহেন্দ্র সিং ধোনির জীবনী নির্ভর চলচ্চিত্র ‘ধোনি দ্য আনটোল্ড স্টোরি’-এর ট্রেলার। কারণ এই দুই সিনেমা যেদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, ঠিক সেদিনই ‘ধোনি’র ট্রেলার রিলিজ দেয়ার পরিকল্পনা করেছেন নির্মাতা নীরজ পান্ডে।

এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী মানুষটির নাম মাহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট পাগল মানুষকে বিশ্বকাপের শিরোপা এনে দেয়ায় সবার কাছে আজ পূজনীয় তিনি। আর এই ক্যাপ্টেনের জীবনযুদ্ধ নিয়ে বলিউড পর্দায় নির্মাণ হচ্ছে বিশাল বাজেটের একটি বাণিজ্যিক ছবি। সিনেমার পর্দায় দেখা যাবে ধোনির না বলা কথাগুলো।

ধোনির সংগ্রামী জীবন, ক্রিকেটের প্রতি তার প্যাশন সবই উঠে আসবে সিনেমার গল্পে। দেখা যাবে তার বিয়ে এবং বিয়ের আগে অন্য মেয়ের সঙ্গে প্রেমে পড়ার গল্পও। ধোনির এমন অনেক না জানা গল্পে নির্মিত সিনেমায় ধোনির চরিত্রে অভিনয় করেছেন বলিউড হিরো সুশান্ত সিং রাজপুত।

নীরজ পান্ডের পরিচালনায় ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’র শুটিং হয়েছে রাঁচিতে, ছবিতে সুশান্ত সিং ছাড়াও তার ধোনির বাবার চরিত্রে অভিনয় করছেন অনুমপ খের, স্ত্রীর চরিত্রে আছেন কিয়ারা আদভানি এবং প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন দিশা পাতনি। চলতি বছরের সেপ্টেম্বরের ৩০ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

অন্যদিকে ‘মাহেঞ্জো দারো’ সভ্যতার সময়কার একটি বাস্তব গল্প নিয়ে নির্মিত ছবি ‘মাহেঞ্জো দারো’। খ্রিস্টপূর্ব দুই হাজার শতাব্দীর আগের ঘটনা অবলম্বনে সেট নির্মাণ করে ছবিটি করেছেন আশুতোষ গোয়ারকি। তার পরিচালনায় ছবিতে ঋত্বিক-পূজা ছাড়াও আছেন অরণোদয় সিং এবং কবির বেদি।

একজন নেভি অফিসারকে কেন্দ্র করে নির্মিত ‘রুস্তম’ সিনেমায় দেখা যাবে অক্ষয় কুমারকে। এই সিনেমার মধ্য দিয়ে পঞ্চাশের দশকে এক সত্যি ঘটনাকে সিনেমায় নিয়ে আসছেন নির্মাতা টিনু সুরেশ। সত্য কাহিনী অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন বিপুল কে রাওয়াল। ছবিতে অক্ষয়ের বিপরীতে প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন ইলিনা ডি’ক্রুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *