বিডি নিউজ ৬৪: চট্টগ্রামে গাড়ি চালকসহ নিখোঁজ নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী জুনায়েদ হোসেন ওরফে আকিবের (২৫) সন্ধান পাওয়া গেছে। বুধবার রাত ১১টা ৫৩ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোন চালুর পরপরই পুলিশ তার অবস্থান শনাক্ত করতে পেরেছে।
এরআগে বুধবার (৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের পার্কিং থেকে প্রাইভেট কারটি (চট্ট মেট্রো-গ ১১-৭২৭৯) উদ্ধার করা হয়।
মূলত তিনি কীভাবে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় গেলেন। কেন এভাবে নিখোঁজ নাটক সাজিয়ে সেখানে অবস্থান করছেন তার উত্তর জানতে চায় পুলিশ। সেজন্য খুলশী থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোরেই বসুন্ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, তাকে গতকাল রাত থেকে নজরদারিতে রাখা হয়েছে। ঢাকা থেকে আনার পর জিজ্ঞাসাবাদ শেষে এই নিখোঁজ রহস্যের উদঘাটনের চেষ্টা করা হবে। তবে প্রাথমিকভাবে জঙ্গি সংক্রান্ত কোনও সম্পৃক্ততা পাওয়া যায়নি। পারিবারিক বা ব্যক্তিগত মতবিরোধ থেকেই আকিব নিখোঁজ নাটক সাজিয়েছে বলে পুলিশ ধারণা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, বুধবার রাত ১১টা ৫৩ মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোন চালুর পরপরই পুলিশ তার অবস্থান শনাক্ত করতে পেরেছে। এসময় তার সাথে পুলিশের পক্ষ থেকে কথা বলতে চাওয়া হলে তিনি আগ্রহ দেখাননি। পরে তার পরিবারের সদস্যদের মাধ্যমে যোগাযোগ করা হয়। তখন নিখোঁজ সাবেক শিক্ষার্থী আকিব ভালো আছেন বলে নিশ্চিত করেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘নিখোঁজ আকিবকে পাওয়া গেছে এরকম একটি খবর আমিও শুনেছি। তাকে আমাদের হেফাজতে না আনা পর্যন্ত সেটি আমি নিশ্চিত করতে পারছিনা।’
উল্লেখ্য, নগরীর খুলশী এলাকার বাসিন্দা জুনায়েদ হোসেন ওরফে আকিব (২৫) গত সোমবার (১ আগস্ট) বিকেল ৩টা থেকে নিখোঁজ রয়েছে উল্লেখ করে থানায় জিডি করেছেন তার পরিবার। এসময় তার সাথে ছিলেন গাড়ি চালক মোহাম্মদ মোস্তফা (৩০)।
কুসুমবাগ আবাসিক এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন চৌধুরীর সন্তান আকিব ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন গত বছর। এরই মাঝে তার বাবা মারা গেলে তিনি পারিবারিক ব্যবসার পাশাপাশি তার ভগ্নিপতির সঙ্গেও যৌথভাবে ব্যবসা করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
bdnews64 বাংলাভাষায় প্রকাশিত দেশের সর্ববৃহৎ সংবাদ পোর্টাল